রোনালদোর সংগ্রহে নতুন বিলাসবহুল গাড়ি, দাম প্রায় ১৪ কোটি টাকা

রিয়াদ, ৭ মে – ফুটবল মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদো আবারও তার রাজকীয় জীবনযাপনের জন্য সংবাদ শিরোনামে এসেছেন। এবার তিনি নিজের সংগ্রহে যুক্ত করেছেন প্রায় ১৩ লাখ ২০ হাজার মার্কিন ডলার মূল্যের একটি বিশেষ লাক্সারি গাড়ি। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৪ কোটি টাকার সমান। জানা গেছে, রোনালদোর নতুন এই গাড়িটি হলো একটি কাস্টমাইজড মার্সিডিজ এএমজি জি৬৩ ক্যাব্রিওলেট।
এই বিশেষ মডেলটি সারা বিশ্বে মাত্র ২০টি তৈরি করা হয়েছে। এটি একটি বিরল সফট টপ কনভার্টেবল এসইউভি মডেলের গাড়ি যা বিশেষভাবে রোনালদোর জন্য ডিজাইন করা হয়েছে। গাড়িটির বিশেষ বৈশিষ্ট্য হলো এতে রোনালদোর বর্তমান ক্লাব আল নাসরের ঐতিহ্যবাহী হলুদ ও নীল রঙের সংমিশ্রণ ব্যবহার করা হয়েছে। এছাড়া গাড়ির দরজার সিল অংশে খোদাই করা রয়েছে তার বিশ্বখ্যাত ট্রেডমার্ক সিআরসেভেন।
এই মডেলটি সাধারণ জি ওয়াগনের চেয়ে অনেক বেশি এক্সক্লুসিভ ও আধুনিক বলে জানা গেছে। ম্যানচেস্টার ইউনাইটেড ও রিয়াল মাদ্রিদের সাবেক এই কিংবদন্তি বর্তমানে সৌদি প্রো লিগে আল নাসরের হয়ে মাঠ মাতাচ্ছেন। রোনালদোর মোট সম্পদের পরিমাণ প্রায় ১.৪ বিলিয়ন ডলার বলে ধারণা করা হয়।
তার গ্যারেজে আগে থেকেই বুগাটি, ফেরারি ও ল্যাম্বরগিনির মতো দামী ব্র্যান্ডের একাধিক গাড়ি রয়েছে। মাঠের লড়াইয়েও বেশ ছন্দে রয়েছে রোনালদোর ক্লাব আল নাসর। আগামী ৭ মে আল শাবাব এবং ১২ মে আল হিলালের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামবেন পর্তুগিজ এই মহাতারকা।
এস এম/ ৭ মে ২০২৬









