সোনার দামে নতুন রেকর্ড: ২৪ ঘণ্টায় দ্বিতীয় দফায় বাড়ল মূল্য

ঢাকা, ৭ মে – ২৪ ঘণ্টার ব্যবধানে দেশের বাজারে সোনার দাম আবারও বাড়ানো হয়েছে। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ হাজার ২১৫ টাকা বাড়িয়ে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৪৪ হাজার ৭১০ টাকা।
স্থানীয় বাজারে তেজাবী সোনার দাম বাড়ার পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। বৃহস্পতিবার সকাল ১০টা থেকে নতুন এই দাম কার্যকর হয়েছে।
বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির এক বৈঠকে এই দাম বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি গণমাধ্যমকে জানানো হয়।
এর আগে গত বুধবারও প্রতি ভরি সোনার দাম ২ হাজার ১৫৮ টাকা বাড়ানো হয়েছিল। মাত্র একদিনের ব্যবধানে দ্বিতীয় দফায় দাম বৃদ্ধিতে সোনার বাজার নতুন উচ্চতায় পৌঁছাল।
নতুন নির্ধারিত মূল্য অনুযায়ী, ২১ ক্যারেটের এক ভরি সোনার দাম ২ হাজার ১০০ টাকা বাড়িয়ে ২ লাখ ৩৩ হাজার ৫৭২ টাকা করা হয়েছে। এ ছাড়া ১৮ ক্যারেটের সোনার দাম ১ হাজার ৮০৮ টাকা বাড়িয়ে ২ লাখ ২১৩ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ১ হাজার ৪৫৮ টাকা বাড়িয়ে ১ লাখ ৬৩ হাজার ৬৩ টাকা নির্ধারণ করা হয়েছে। সোনার পাশাপাশি রুপার দামও বৃদ্ধি পেয়েছে। ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ১১৭ টাকা বেড়ে ৫ হাজার ৭৭৪ টাকা হয়েছে।
এ ছাড়া ২১ ক্যারেট, ১৮ ক্যারেট এবং সনাতন পদ্ধতির রুপার দামও আনুপাতিক হারে পুনর্নির্ধারণ করা হয়েছে। বিশ্ববাজারের অস্থিতিশীলতা ও স্থানীয় চাহিদার সমন্বয়ে এই নতুন দাম ঘোষণা করা হয়েছে বলে জানিয়েছে সংগঠনটি।
এনএন/ ৭ মে ২০২৬









