স্বাস্থ্যসেবা মানুষের মৌলিক অধিকার, কোনো সুবিধা নয়: ডা. জুবাইদা রহমান

ঢাকা, ৫ মে – স্বাস্থ্যসেবা কোনো সুবিধা নয়, বরং এটি মানুষের মৌলিক অধিকার বলে মন্তব্য করেছেন ডা. জুবাইদা রহমান। মঙ্গলবার দুপুরে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ৫০ শয্যার আইসিইউ ইউনিট উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন। ডা. জুবাইদা রহমান বলেন, দেশের সাধারণ মানুষের জন্য উন্নত চিকিৎসা সেবা নিশ্চিত করা এখনও এক বিশাল চ্যালেঞ্জ।
সেই বাস্তবতাকে সামনে রেখেই এই নতুন আইসিইউ ইউনিট চালু করা হয়েছে। তিনি উল্লেখ করেন যে, বাংলাদেশের স্বাস্থ্যখাত দীর্ঘ সময় ধরে অবহেলার শিকার হয়েছে। সরকারি হাসপাতালগুলোতে সেবার প্রচণ্ড চাপ থাকলেও স্বাস্থ্যকর্মীদের উৎসাহ প্রদানের অভাব রয়েছে এবং সেবার বণ্টনও অসম। দেশের মোট স্বাস্থ্য ব্যয়ের প্রায় ৭২ শতাংশ মানুষকে ব্যক্তিগতভাবে বহন করতে হয়, যার ফলে অসুস্থতা অনেক পরিবারের জন্য দারিদ্র্যের অন্যতম কারণ হয়ে দাঁড়ায়।
ঢাকা ১৭ নির্বাচনী এলাকার কথা উল্লেখ করে তিনি বলেন, কড়াইল, ভাষানটেক ও সাততলার মতো বস্তি এলাকার শ্রমজীবী মানুষরা শহরকে সচল রাখলেও তারা প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত থাকেন। আমাদের লক্ষ্য হচ্ছে প্রান্তিক পর্যায়ের এসব মানুষ যেন সহজে চিকিৎসাসেবা পান। ডা. জুবাইদা রহমান আরও বলেন, এসব এলাকার বিশাল একটি অংশ এখনও প্রাথমিক চিকিৎসার জন্য ফার্মেসির ওপর নির্ভরশীল।
তারা অসুস্থ হওয়ার ভয় পান কারণ অসুস্থতা মানেই তাদের আয় বন্ধ হয়ে যাওয়া। নবজাতক থেকে শুরু করে বয়স্ক এবং অন্তঃসত্ত্বা মায়েরা যেন জরুরি মুহূর্তে দ্রুত অ্যাম্বুলেন্স ও বিশেষায়িত সেবা পান, তা নিশ্চিত করতে হবে। তিনি স্থানীয় স্বেচ্ছাসেবীদের এগিয়ে আসার আহ্বান জানিয়ে বলেন, অনেক মানুষ জানেই না যে তাদের কাছেই উন্নত সেবার হাসপাতাল রয়েছে। এই তথ্য মানুষের ঘরে ঘরে পৌঁছে দিতে হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে ডা. জুবাইদা রহমান ৫০ শয্যার আইসিইউ ইউনিটের পাশাপাশি প্যাথলজি প্যাভিলিয়ন ও গ্যাস্ট্রোলিভার সেন্টারেরও আনুষ্ঠানিক উদ্বোধন করেন। অনুষ্ঠান শেষে তিনি আইসিইউতে চিকিৎসাধীন রোগীদের শারীরিক অবস্থার খোঁজ নেন এবং চিকিৎসার মান উন্নত করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।
এস এম/ ৫ মে ২০২৬









