সংযুক্ত আরব আমিরাতের বদলে পাকিস্তানের বন্দর ব্যবহার করছে ইরান

তেহরান, ৫ মে – দীর্ঘ কূটনৈতিক আলোচনার পর পাকিস্তানের সঙ্গে একটি ট্রানজিট করিডোর সক্রিয় করার আনুষ্ঠানিক পদক্ষেপ নিয়েছে ইরান। এর ফলে এখন থেকে সংযুক্ত আরব আমিরাতের বন্দরের পরিবর্তে পাকিস্তানের বন্দরগুলো ব্যবহার করে পণ্য পরিবহন করবে তেহরান।
সম্প্রতি পার্সটুডের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। পাকিস্তানের বাণিজ্য মন্ত্রণালয়ের জারি করা নতুন আদেশের ফলে তৃতীয় দেশ থেকে আসা বিভিন্ন পণ্য পাকিস্তানের ভূখণ্ড ব্যবহার করে ইরানে প্রবেশ করতে পারবে। বর্তমানে পাকিস্তানের করাচি, গোয়াদার ও বন্দর কাসিম থেকে গাব্দ ও তাফতান সীমান্ত পর্যন্ত সড়কপথে পণ্য সরবরাহ নিশ্চিত করা হয়েছে।
বিগত বছরগুলোতে ইরান তাদের আমদানিকৃত পণ্যের একটি বিশাল অংশ সংযুক্ত আরব আমিরাতের জেবেল আলি বন্দরের মাধ্যমে পরিবহন করে আসছিল। তবে সাম্প্রতিক সময়ে এই অঞ্চলে নৌ অবরোধের ঝুঁকি বৃদ্ধি এবং রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে রুটটি অনিরাপদ হয়ে পড়েছে।
এই প্রেক্ষাপটে পাকিস্তানি রুট ব্যবহারের ফলে ইরানের সরবরাহ ব্যবস্থার নিরাপত্তা আরও শক্তিশালী হবে এবং বিকল্প পথের সম্ভাবনা তৈরি হবে।
এস এম/ ৫ মে ২০২৬









