সংরক্ষিত আসনে নুসরাত তাবাসসুমের গেজেট প্রকাশের সিদ্ধান্ত ইসির

ঢাকা, ৪ মে – ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী নুসরাত তাবাসসুমের নামে গেজেট প্রকাশের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। সোমবার সন্ধ্যা পর্যন্ত পর্যবেক্ষণ শেষে এই গেজেট প্রকাশিত হতে পারে।
নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ সাংবাদিকদের জানিয়েছেন যে নির্ধারিত সময়ের মধ্যে একই জোটের অন্য প্রার্থী মনিরা শারমিনের বিষয়ে আদালতের সুনির্দিষ্ট আদেশ না এলে নুসরাত তাবাসসুমই চূড়ান্ত মনোনীত হিসেবে গণ্য হবেন। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ দপ্তরে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এই তথ্য জানান।
জানা গেছে মনিরা শারমিন তার প্রার্থিতা বিষয়ে একটি চিঠি দিলেও তাতে আইনি কোনো ভিত্তি বা আদালতের কজ লিস্টের উল্লেখ নেই। ফলে সুনির্দিষ্ট তথ্যের অভাবে কমিশন গেজেট প্রকাশের প্রক্রিয়া অনির্দিষ্টকাল স্থগিত রাখতে পারছে না। নির্বাচন কমিশনার আরও উল্লেখ করেন যে মনিরা শারমিনের চিঠিতে শুনানির কোনো নির্দিষ্ট তারিখ বা সময় দেওয়া হয়নি।
কমিশন আজ সন্ধ্যা পর্যন্ত আদালতের নির্দেশনার জন্য অপেক্ষা করবে। যদি সন্ধ্যা নাগাদ কোনো নতুন তথ্য বা আদেশ না পৌঁছায় তবে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুমের নামেই সংরক্ষিত নারী আসনের সদস্য হিসেবে গেজেট বিজ্ঞপ্তি জারি করা হবে। গেজেট প্রকাশের পর যদি আদালতের কোনো ভিন্ন আদেশ আসে তবে কমিশন তা পরবর্তী সময়ে পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। তবে এখন পর্যন্ত কোনো সুনির্দিষ্ট আদেশ দাখিল করা সম্ভব হয়নি বলে কমিশন সূত্রে জানানো হয়েছে।
এস এম/ ৪ মে ২০২৬









