জাতীয়

সৌদি আরব পৌঁছেছেন ৪৩ হাজার বাংলাদেশি হজযাত্রী

ঢাকা, ৩ মে – পবিত্র হজ পালনের উদ্দেশ্যে বাংলাদেশ থেকে এখন পর্যন্ত ৪৩ হাজার ১৯ জন হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন। রবিবার সকালে হজ সংক্রান্ত সর্বশেষ বুলেটিনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। জানানো হয়েছে যে, ১০৮টি ফ্লাইটের মাধ্যমে এই হজযাত্রীরা সৌদি আরবে গমণ করেছেন।

হজ বুলেটিনের তথ্যানুযায়ী, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৫০টি ফ্লাইটে ২০ হাজার ৪৮৩ জন, সৌদি এয়ারলাইন্সের ৩৯টি ফ্লাইটে ১৪ হাজার ৬৪৬ জন এবং ফ্লাইনাসের ১৯টি ফ্লাইটে ৭ হাজার ৮৯০ জন যাত্রী সৌদি আরব গিয়েছেন। এদিকে চলতি বছর হজে গিয়ে এখন পর্যন্ত সাতজন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যুর খবর পাওয়া গেছে।

তাদের মধ্যে মক্কায় পাঁচজন এবং মদিনায় দুইজন মারা গেছেন। চলতি বছর বাংলাদেশ থেকে সর্বমোট ৭৮ হাজার ৫০০ জন হজ পালনের অনুমতি পেয়েছেন। এই কার্যক্রম পরিচালনায় সর্বমোট ৬৬০টি এজেন্সি কাজ করছে যার মধ্যে ৩০টি প্রধান এবং ৬৩০টি সমন্বয়কারী এজেন্সি রয়েছে।

গত ১৭ এপ্রিল হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৪১৯ জন যাত্রী নিয়ে প্রথম হজ ফ্লাইট জেদ্দার উদ্দেশ্যে ছেড়ে যায়। প্রধানমন্ত্রী তারেক রহমান এই ফ্লাইটের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। হজ অফিস সূত্রে জানা গেছে, মোট হজযাত্রীর মধ্যে ৪ হাজার ৫৬৫ জন সরকারি ব্যবস্থাপনায় এবং ৭৩ হাজার ৯৩৫ জন বেসরকারি ব্যবস্থাপনায় হজ পালন করবেন।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে পবিত্র হজ অনুষ্ঠিত হতে পারে। হজ পালন শেষে আগামী ৩০ মে থেকে জেদ্দা থেকে ফিরতি ফ্লাইট শুরু হওয়ার কথা রয়েছে এবং ৩০ জুন শেষ ফ্লাইটটি ঢাকার উদ্দেশ্যে রওনা হবে।

এস এম/ ৩ মে ২০২৬


Back to top button
🌐 Read in Your Language