যশোরে শিশু আন নাসরকে উপহার পাঠালেন তারেক রহমান

যশোর, ৩০ এপ্রিল – যশোরে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো সাত মাস বয়সী শিশু আন নাসরের জন্য বিশেষ উপহার পাঠিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে যশোর শহরের তসবির হল সংলগ্ন এলাকায় শিশুটির বাড়িতে পৌঁছে দেওয়া হয় এই শুভেচ্ছা উপহার। ‘আমরা বিএনপি পরিবার’ সংগঠনের নেতৃবৃন্দ শিশুটির মা-বাবার হাতে এসব সামগ্রী তুলে দেন। উপহার পেয়ে শিশু আন নাসরের বাবা সাজেদুর রহমান অপু ও মা আফরোজা নাসরিন নীলিমা আবেগপ্রবণ হয়ে পড়েন।
তারা জানান, তারেক রহমান যশোর সফর শেষে ঢাকায় ফিরেও তাদের সন্তানের কথা মনে রেখেছেন, এটি তাদের জন্য এক অনন্য প্রাপ্তি। মা আফরোজা নাসরিন বলেন, সেদিন ফুল হাতে দাঁড়িয়ে ছিলাম শুধু তাকে একনজর দেখার আশায়। কিন্তু তিনি বাস থেকে নেমে এসে শিশুকে আদর করবেন এবং ছবি তুলবেন তা ছিল অকল্পনীয়। উল্লেখ্য, গত ২৭ এপ্রিল যশোর ইনস্টিটিউট পাবলিক লাইব্রেরি পরিদর্শনে যান তারেক রহমান।
সেখানে শিশু আন নাসরকে ফুল হাতে দাঁড়িয়ে থাকতে দেখে তিনি বাস থামিয়ে নিচে নেমে আসেন এবং শিশুটির সঙ্গে সময় কাটান। সেই মুহূর্তের একটি ভিডিও পরবর্তীতে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। তারেক রহমানের পক্ষ থেকে এসব উপহারসামগ্রী পৌঁছে দেন ‘আমরা বিএনপি পরিবার’ এর সদস্য সচিব কৃষিবিদ মোকসেদুল মোমিন মিথুন। তিনি জানান, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশ অনুযায়ী তারা যশোর এসে শিশু ও তার পরিবারের কাছে এই ভালোবাসা পৌঁছে দিয়েছেন।
এস এম/ ৩০ এপ্রিল ২০২৬









