মধ্যপ্রাচ্য

হজে যেতে নতুন কঠোর স্বাস্থ্যবিধি জারি করল সৌদি আরব

রিয়াদ, ৩০ এপ্রিল – পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা শুরুর আগে হজযাত্রীদের স্বাস্থ্য সুরক্ষায় নতুন ও কঠোর নির্দেশনা জারি করেছে সৌদি আরব। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে যে সকল ব্যক্তি গুরুতর শারীরিক ও মানসিক অসুস্থতায় ভুগছেন তারা চলতি বছর হজের অনুমতি পাবেন না। হজযাত্রীদের নিরাপত্তার কথা বিবেচনা করে এবং হজের কঠিন আনুষ্ঠানিকতা পালনে সক্ষম ব্যক্তিদেরই এই সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সৌদি জনস্বাস্থ্য কর্তৃপক্ষ।

সৌদি কর্তৃপক্ষের তালিকায় বেশ কিছু শারীরিক অবস্থাকে হজের অযোগ্য হিসেবে ঘোষণা করা হয়েছে। এর মধ্যে রয়েছে কিডনির জটিলতা বা ডায়ালাইসিসের প্রয়োজনীয়তা, হার্ট ফেইলিউর বা হৃৎপিণ্ডের গুরুতর সমস্যা এবং লিভার সিরোসিস। এছাড়া জটিল মানসিক রোগ, ডিমেনশিয়া বা স্মৃতিভ্রংশ এবং বার্ধক্যজনিত চরম শারীরিক দুর্বলতায় আক্রান্ত ব্যক্তিরাও এবার হজে যেতে পারবেন না। অন্তঃসত্ত্বা নারীদের ক্ষেত্রে গর্ভাবস্থার শেষ তিন মাস চলছে এমন অবস্থায় হজ করা নিষিদ্ধ করা হয়েছে।

নির্দেশনায় আরও বলা হয়েছে যে হজযাত্রীদের অবশ্যই প্রতিটি ধর্মীয় রোকন বা নিয়ম পালনের মতো শারীরিক সক্ষমতা থাকতে হবে। স্বাস্থ্যবিধি অনুযায়ী সব হজযাত্রীকে হজের অন্তত দশ দিন আগে মেনিনজাইটিস রোগের টিকা গ্রহণ করতে হবে। এছাড়া বয়স্ক ব্যক্তি এবং দীর্ঘমেয়াদী রোগে আক্রান্তদের জন্য করোনা ও ইনফ্লুয়েঞ্জার টিকা নেওয়ার বিশেষ পরামর্শ দেওয়া হয়েছে। বৈশ্বিক স্বাস্থ্য ঝুঁকি এড়াতে এবং মক্কায় সমবেত লাখো মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে প্রতি বছরই এমন কঠোর পদক্ষেপ গ্রহণ করে সৌদি সরকার।

এস এম/ ৩০ এপ্রিল ২০২৬


Back to top button
🌐 Read in Your Language