হরমুজ প্রণালিতে সংঘাত ও তেল দূষণ: হুমকির মুখে বিরল সামুদ্রিক জীববৈচিত্র্য

তেহরান, ২৮ এপ্রিল – যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার রাজনৈতিক অস্থিরতা ও হরমুজ প্রণালিতে চলমান অচলাবস্থার কারণে পারস্য উপসাগরের অনন্য জীববৈচিত্র্য এখন চরম হুমকির মুখে পড়েছে। ওমান ও পারস্য উপসাগরের সংযোগস্থলে অবস্থিত এই গুরুত্বপূর্ণ জলপথে আটকা পড়েছে কয়েক হাজার পণ্যবাহী জাহাজ। পরিবেশ বিজ্ঞানীদের মতে, এই অঞ্চলে অব্যাহত সংঘাতের ফলে পানির নিচের উদ্ভিদ ও প্রাণিকুল বড় ধরনের বিপর্যয়ের সম্মুখীন।
সাম্প্রতিক তথ্যানুযায়ী, প্রায় দুই হাজার জাহাজ বর্তমানে এই উপসাগরে আটকা পড়ে আছে, যাতে প্রায় ২১ বিলিয়ন লিটার জ্বালানি তেল রয়েছে। সংঘাত শুরুর পর থেকে অন্তত ১৬টি জাহাজে হামলার ঘটনা ঘটেছে। পরিবেশবাদী সংগঠন গ্রিনপিস উদ্বেগ প্রকাশ করে জানিয়েছে, এসব জাহাজ থেকে নিয়মিত তেল ছড়িয়ে পড়ার ফলে জলজ বাস্তুসংস্থান ক্ষতিগ্রস্ত হচ্ছে। বিশেষ করে মার্কিন হামলায় ক্ষতিগ্রস্ত ইরানি জাহাজ শহীদ বাঘেরি থেকে নিষ্কৃত তেল খুরান প্রণালির সংরক্ষিত জলাভূমির জন্য বড় বিপদ হয়ে দেখা দিয়েছে।
ভৌগোলিক কারণে হরমুজ প্রণালি প্রবাল প্রাচীর ও ডলফিনের জন্য বিখ্যাত। ওমান উপসাগরের পুষ্টিসমৃদ্ধ স্রোত এই অঞ্চলে সামুদ্রিক কচ্ছপ, হামব্যাক তিমি এবং বিরল সব জলজ প্রাণীর বিচরণক্ষেত্র তৈরি করেছে। সামুদ্রিক জীববিজ্ঞানী মার্টিন গ্রোসেল সতর্ক করেছেন যে, অপরিশোধিত তেলের রাসায়নিক উপাদান জলজ প্রাণীর হৃদযন্ত্র ও রোগ প্রতিরোধ ব্যবস্থার মারাত্মক ক্ষতি করে। এদিকে রাজনৈতিক উত্তজনা হ্রাসে পাকিস্তানের মধ্যস্থতায় আলোচনার চেষ্টা চললেও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের দেওয়া প্রস্তাব গ্রহণে অস্বীকৃতি জানাতে পারেন বলে গুঞ্জন রয়েছে। সিএনএন এর প্রতিবেদন অনুযায়ী, যুদ্ধবিরতির মেয়াদ বৃদ্ধির সম্ভাবনা থাকলেও স্থায়ী শান্তির পথ এখনো অনিশ্চিত।
এস এম/ ২৮ এপ্রিল ২০২৬









