জ্বালানি সংকট মোকাবিলায় সংসদীয় কমিটি গঠন: সরকার ও বিরোধী দলের বিরল ঐক্য

ঢাকা, ২৬ এপ্রিল – মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার ফলে উদ্ভূত অভ্যন্তরীণ জ্বালানি সংকট মোকাবিলায় সরকারি ও বিরোধী দলের সমন্বয়ে ১০ সদস্যের একটি বিশেষ কমিটি গঠনের প্রস্তাব জাতীয় সংসদে গৃহীত হয়েছে।
রোববার বিকেলে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে সংসদ অধিবেশনে প্রস্তাবটি উত্থাপন করেন চিফ হুইপ নূরুল ইসলাম।
কমিটি গঠনের প্রজ্ঞাপন জারির তারিখ থেকে পরবর্তী ৩০ দিনের মধ্যে সুপারিশসহ প্রতিবেদন পেশ করার সময়সীমা নির্ধারণ করা হয়েছে।
সংসদে প্রস্তাব উত্থাপনকালে চিফ হুইপ জানান যে জাতীয় স্বার্থে সরকার ও বিরোধী দলের এমন ঐক্যবদ্ধ পদক্ষেপ নজিরবিহীন। এর আগে কেবল রাষ্ট্রপতিশাসিত সরকার থেকে সংসদীয় পদ্ধতিতে উত্তরণের সময় এ ধরনের ঐক্য দেখা গিয়েছিল।
গত ২৩ এপ্রিল ইরান ও ইসরায়েল যুদ্ধের প্রেক্ষাপটে দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে এই কমিটির প্রস্তাব দিয়েছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহামুদ টুকু।
সরকারি দলের অন্যান্য সদস্যরা হলেন প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, সংসদ সদস্য এবিএম আশরাফউদ্দিন, মইনুল ইসলাম শান্ত এবং মিয়া নুরুদ্দিন আহমেদ অপু। বিরোধী দল থেকে কমিটিতে থাকছেন সাইফুল আলম মিলন, আবদুল বাতেন, মো. নূরুল ইসলাম, আবুল হাসনাত এবং মোহাম্মদ আবুল হাসান।
এনএন/ ২৬ এপ্রিল ২০২৬









