প্রধান তথ্য কর্মকর্তা হিসেবে নিয়োগ পেলেন সাংবাদিক সৈয়দ আবদাল আহমেদ

ঢাকা, ২৬ এপ্রিল – সরকার জ্যেষ্ঠ সাংবাদিক সৈয়দ আবদাল আহমেদকে তথ্য অধিদফতরের প্রধান তথ্য কর্মকর্তা (পিআইও) হিসেবে নিয়োগ দিয়েছে। রবিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে গ্রেড এক পদমর্যাদায় তাকে এক বছরের জন্য চুক্তি ভিত্তিতে এই দায়িত্ব প্রদান করা হয়।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে যে অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে কর্ম সম্পর্ক পরিত্যাগের শর্তে এই নিয়োগ কার্যকর হবে। সৈয়দ আবদাল আহমেদ বর্তমানে দৈনিক আমার দেশ পত্রিকার নির্বাহী সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন এবং এর আগে তিনি জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
এছাড়া তিনি অন্তর্বর্তী সরকার কর্তৃক গঠিত গণমাধ্যম সংস্কার কমিশনের একজন সদস্য ছিলেন। পেশাদার সাংবাদিক হিসেবে দীর্ঘ ক্যারিয়ার সম্পন্ন আবদাল আহমেদ এখন থেকে সরকারের তথ্য প্রচার ও ব্যবস্থাপনার শীর্ষ পদে কাজ করবেন।
এস এম/ ২৬ এপ্রিল ২০২৬









