ট্রাম্পের অনুষ্ঠানে গুলিবর্ষণকারী গ্রেপ্তার: হামলাকারীর পরিচয় শনাক্ত

ওয়াশিংটন, ২৬ এপ্রিল – হোয়াইট হাউজের সাংবাদিকদের জন্য আয়োজিত এক নৈশভোজ অনুষ্ঠানে গুলিবর্ষণের ঘটনায় এক ব্যক্তিকে আটক করেছে নিরাপত্তা বাহিনী। স্থানীয় সময় শনিবার রাতের ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
মার্কিন সংবাদমাধ্যম সিএনএন সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে জানিয়েছে যে আটককৃত ব্যক্তির নাম কোল থমাস অ্যালেন। ৩১ বছর বয়সী এই ব্যক্তি ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলস এলাকার তোরেন্সের বাসিন্দা। পেশাগত জীবনে তিনি একজন শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে পাওয়া তথ্যানুযায়ী তিনি সি২ এডুকেশন নামক একটি প্রতিষ্ঠানে শিক্ষকতা করতেন। ২০২৪ সালের ডিসেম্বর মাসে ওই প্রতিষ্ঠান তাকে মাসের সেরা শিক্ষক হিসেবে নির্বাচিত করেছিল।
শিক্ষাগত যোগ্যতার দিক থেকে থমাস অ্যালেন ২০১৭ সালে ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অব টেকনোলজি থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক সম্পন্ন করেন। এছাড়া গত বছর তিনি ক্যালিফোর্নিয়া স্টেট ইউনিভার্সিটি থেকে কম্পিউটার সায়েন্সে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।
সিএনএন এর প্রতিবেদনে আরও বলা হয়েছে যে ২০২৪ সালের অক্টোবরে তিনি ডেমোক্র্যাটিক পার্টির প্রেসিডেন্ট পদপ্রার্থী কমালা হ্যারিসকে ২৫ ডলার অনুদান দিয়েছিলেন।
হামলার পর প্রেসিডেন্ট ট্রাম্প একটি ভিডিও প্রকাশ করেছেন যেখানে অভিযুক্ত ব্যক্তিকে হাত বাধা অবস্থায় উপুড় হয়ে শুয়ে থাকতে দেখা যায়।
এনএন/ ২৬ এপ্রিল ২০২৬









