উত্তর আমেরিকা

ইরানের সঙ্গে চুক্তির বিষয়ে অনড় অবস্থানে ট্রাম্প

ওয়াশিংটন, ২৪ এপ্রিল – ইরানের সঙ্গে সম্ভাব্য যেকোনো চুক্তির ক্ষেত্রে নিজের কঠোর অবস্থানের কথা পুনরায় ব্যক্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে, ওয়াশিংটন তেহরানের সাথে এমন কোনো সমঝোতায় পৌঁছাবে না যা যুক্তরাষ্ট্রের জন্য উপযুক্ত এবং যথেষ্ট লাভজনক নয়। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

মার্কিন গণমাধ্যমগুলোতে ইরান যুদ্ধ সংক্রান্ত সংবাদ প্রচারের বিষয়ে ক্ষোভ প্রকাশ করে ট্রাম্প বলেন, অনেকে মনে করছেন তিনি যুদ্ধ অবসানের জন্য খুব বেশি উদগ্রীব। এই ধারণা নাকচ করে দিয়ে তিনি মন্তব্য করেন যে, তার হাতে পর্যাপ্ত সময় থাকলেও ইরানের সময় দ্রুত ফুরিয়ে আসছে। ইরানের সামরিক সক্ষমতা নিয়ে আক্রমণাত্মক মন্তব্য করে ট্রাম্প দাবি করেন, দেশটির নৌবাহিনী বর্তমানে সমুদ্রের তলদেশে অবস্থান করছে এবং বিমানবাহিনী ধ্বংস হয়ে গেছে।

তিনি আরও বলেন, ইরানের রাডার প্রযুক্তি এবং বিমান বিধ্বংসী ব্যবস্থা এখন বিলুপ্ত এবং তাদের শীর্ষ নেতারা আর বেঁচে নেই। আরোপিত অবরোধের কার্যকারিতা তুলে ধরে মার্কিন প্রেসিডেন্ট বলেন, বর্তমান নিষেধাজ্ঞাগুলো অত্যন্ত শক্তিশালী এবং নিশ্ছিদ্র। ইরান পরিস্থিতির ক্রমাগত অবনতি হবে উল্লেখ করে তিনি জানান যে, সময় তাদের প্রতিকূলে চলে যাচ্ছে। পরিশেষে তিনি গুরুত্বারোপ করেন যে, একটি চুক্তি কেবল তখনই সম্ভব হবে যখন তা যুক্তরাষ্ট্র এবং তার মিত্র দেশগুলোর পাশাপাশি বিশ্বের জন্য মঙ্গলজনক হবে।

এস এম/ ২৪ এপ্রিল ২০২৬


Back to top button
🌐 Read in Your Language