চিপ তৈরির বাজারে ইনটেলের বড় সাফল্য: গ্রাহক হিসেবে যুক্ত হলো টেসলা

ওয়াশিংটন, ২৩ এপ্রিল – চিপ তৈরির বৈশ্বিক বাজারে নিজেদের অবস্থান শক্তিশালী করতে বড় ধরনের সাফল্য পেয়েছে মার্কিন প্রযুক্তি জায়ান্ট ইনটেল। বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলা তাদের পরবর্তী প্রজন্মের ১৪এ চিপ তৈরির প্রযুক্তির প্রথম বড় গ্রাহক হিসেবে ইনটেলের নাম ঘোষণা করেছে। টেসলার প্রধান নির্বাহী কর্মকর্তা ইলন মাস্ক জানিয়েছেন যে যুক্তরাষ্ট্রের টেক্সাসের অস্টিনে প্রস্তাবিত টেরাফ্যাব প্রকল্পে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই চিপ তৈরিতে ইনটেলের এই উন্নত প্রযুক্তি ব্যবহার করা হবে। এই প্রকল্পে টেসলার পাশাপাশি স্পেসএক্স যৌথভাবে কাজ করবে বলে জানা গেছে।
চিপ উৎপাদনের চুক্তিনির্ভর খাতে দীর্ঘ সময় ধরে টিএসএমসির মতো প্রতিষ্ঠানের সাথে প্রতিযোগিতায় পিছিয়ে ছিল ইনটেল। বড় কোনো গ্রাহক না পেলে এই খাত থেকে সরে আসার ঝুঁকির কথাও জানিয়েছিল ইনটেলের নেতৃত্ব। এমন পরিস্থিতিতে টেসলার সাথে এই চুক্তি প্রতিষ্ঠানটির জন্য একটি মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে। এই ঘোষণার পরপরই শেয়ারবাজারে ইনটেলের শেয়ারের দাম উল্লেখযোগ্য হারে বেড়েছে।
ইলন মাস্কের এই টেরাফ্যাব প্রকল্পটি অত্যন্ত বড় আকারের একটি পরিকল্পনা। এখানে প্রতি বছর এক টেরাওয়াট কম্পিউটিং সক্ষমতা তৈরির লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। তবে বাজার বিশ্লেষকদের মতে এই পরিকল্পনা বাস্তবায়নে বিপুল পরিমাণ বিনিয়োগের প্রয়োজন হতে পারে।
তারা ধারণা করছেন যে এতে সম্ভাব্য ব্যয় ৫ থেকে ১৩ ট্রিলিয়ন ডলার পর্যন্ত পৌঁছাতে পারে। প্রযুক্তি বিশ্লেষকদের মতে টেসলার মতো বড় গ্রাহক পাওয়া ইনটেলের জন্য তাদের প্রযুক্তিগত সক্ষমতা প্রমাণের একটি বড় সুযোগ। যদিও বিশাল ব্যয় ও সময়সীমা নিয়ে বিনিয়োগকারীদের মাঝে কিছুটা উদ্বেগ রয়েছে কিন্তু চিপ শিল্পে ইনটেলের ঘুরে দাঁড়ানোর পথে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এস এম/ ২৩ এপ্রিল ২০২৬









