জাতীয়

মিটফোর্ড হাসপাতালে র‌্যাবের অভিযান: ১৬ দালালকে জরিমানা

ঢাকা, ২২ এপ্রিল – স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালে অনিয়ম ও দালাল চক্রের তৎপরতা রোধে বিশেষ অভিযান পরিচালনা করেছে এনএসআই ও র‌্যাব-১০। বুধবার সকালে পরিচালিত এই যৌথ অভিযানে মোট ৩০ জন দালালকে আটক করা হয়। পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১৬ জনকে বিভিন্ন অংকে মোট ৭৭ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।

আটক বাকি ১৪ জনকে ভবিষ্যতে হাসপাতাল এলাকায় না আসার শর্তে মৌখিকভাবে সতর্ক করা হয়। জরিমানা প্রাপ্তরা হলেন মনিরুজ্জামান, এমদাদ, আলমগীর মিয়াজি, রিতা লাল বেঘি, ইকবাল, রাবেয়া, মোবারক হোসেন, মাসুদ রানা, আব্বাস, হামিদ, মাসুম আলী, কৌশিক, ওলি আহম্মদ, ইসরাফিল, হাসান ও জামাল। অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-১০ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ কামরুজ্জামান।

সম্প্রতি একটি জাতীয় দৈনিকে ‘চিকিৎসা মেলে বাগানে’ শিরোনামে প্রতিবেদন প্রকাশের পর হাসপাতাল কর্তৃপক্ষ ও আইনশৃঙ্খলা বাহিনী তৎপর হয়। ওই প্রতিবেদনে হাসপাতালের দালাল চক্রের দৌরাত্ম্য, রোগীদের বেসরকারি হাসপাতালে পাঠিয়ে দেয়া, অপ্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা এবং চিকিৎসা সেবার নানা অব্যবস্থাপনা তুলে ধরা হয়েছিল।

র‌্যাব জানায়, গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর অনিয়ম দমনে ব্যবস্থা নিতে সুবিধা হয়। বুধবার সকাল ৯টা থেকে শুরু হওয়া এই অভিযানে দালালদের হাতেনাতে ধরা হয়। র‌্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু হাসান এই দণ্ডাদেশ প্রদান করেন। সাধারণ রোগীদের ভোগান্তি কমাতে এবং দালালমুক্ত পরিবেশ নিশ্চিতে এই ধরনের নজরদারি অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

এস এম/ ২২ এপ্রিল ২০২৬


Back to top button
🌐 Read in Your Language