জাতীয়

পুলিশের ১৩ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার

ঢাকা, ২২ এপ্রিল – বাংলাদেশ পুলিশের ১৩ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। বিসিএস (পুলিশ) ক্যাডারের এই কর্মকর্তাদের সরকারি চাকরি আইন, ২০১৮ এর ৪৫ ধারার বিধান অনুযায়ী জনস্বার্থে সরকারি চাকরি থেকে অবসরে পাঠানো হয়েছে।

রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ শাখা-১ এর সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী স্বাক্ষরিত পৃথক প্রজ্ঞাপনে এই সিদ্ধান্ত জানানো হয়।

বাধ্যতামূলক অবসরে পাঠানো কর্মকর্তাদের মধ্যে রয়েছেন পুলিশ স্টাফ কলেজের ডিআইজি ড. এ এফ এম মাসুম রব্বানী, ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি মো. সাখাওয়াত হোসেন, রংপুর পিটিসির কমান্ড্যান্ট ডিআইজি মহা. আশরাফুজ্জামান, এন্টি টেররিজম ইউনিটের ডিআইজি এ জেড এম নাফিউল ইসলাম এবং ডিআইজি মো. মনিরুল ইসলাম।

এছাড়া নৌ পুলিশের ডিআইজি মোহাম্মদ আবুল ফয়েজ, পুলিশ অধিদপ্তরের ডিআইজি মাহফুজুর রহমান ও শামীমা বেগম, এপিবিএন সদর দপ্তরের ডিআইজি মো. মুনিবুর রহমান এবং এপিবিএন (পার্বত্য জেলাসমূহ) এর ডিআইজি সালমা বেগমকেও অবসরে পাঠানো হয়েছে।

তালিকায় আরও আছেন বর্তমানে রংপুর রেঞ্জ অফিসে সংযুক্ত অতিরিক্ত ডিআইজি মো. ইকবাল হোসেন, শিল্পাঞ্চল পুলিশের ডিআইজি আবু কালাম সিদ্দিক এবং পুলিশ টেলিকমের ডিআইজি মো. আমিনুল ইসলাম।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে যে, জনস্বার্থে জারি হওয়া এই আদেশ অবিলম্বে কার্যকর হবে। তবে বাধ্যতামূলক অবসরে পাঠানো এই কর্মকর্তারা বিধি অনুযায়ী অবসরজনিত সকল সুযোগ সুবিধা পাবেন বলে জানানো হয়েছে।

এনএন/ ২২ এপ্রিল ২০২৬


Back to top button
🌐 Read in Your Language