জাতীয়

প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার নিজ জেলা বগুড়া সফরে তারেক রহমান

ঢাকা, ২০ এপ্রিল – প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো নিজ জেলা বগুড়া সফরে যাচ্ছেন তারেক রহমান।

সোমবার সকাল ৬টা ১০ মিনিটে ঢাকার গুলশানের বাসভবন থেকে সড়কপথে তিনি বগুড়ার উদ্দেশ্যে রওনা হয়েছেন।

দিনব্যাপী এই সফরে প্রধানমন্ত্রী দেশের ১৩তম সিটি করপোরেশন হিসেবে নবগঠিত বগুড়া সিটি করপোরেশনের ফলক উন্মোচন করবেন। এছাড়া তিনি জেলাজুড়ে বিভিন্ন উন্নয়নমূলক ও রাজনৈতিক কর্মসূচিতে অংশ নেবেন।

সরকারি সফরসূচি অনুযায়ী বেলা ১১টায় প্রধানমন্ত্রী জেলা আইনজীবী সমিতির নতুন ভবনের ফলক উন্মোচন করবেন। এরপর তিনি জজ আদালতের ই-বেইলবন্ড কার্যক্রমের উদ্বোধন এবং বগুড়া পৌরসভাকে সিটি করপোরেশনে রূপান্তরের আনুষ্ঠানিক ঘোষণা দেবেন। দুপুরের দিকে তিনি গাবতলী উপজেলার বাগবাড়ীতে অবস্থিত জিয়াউর রহমান গ্রাম হাসপাতালে হামের টিকা দান কর্মসূচির উদ্বোধন করবেন। বিকেলে শহরের ঐতিহাসিক আলতাফুন্নেছা খেলার মাঠে জেলা বিএনপি আয়োজিত এক জনসভায় ভাষণ দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

জনসভা শেষে তিনি বগুড়া প্রেসক্লাবের নতুন ভবন ও বায়তুর রহমান কেন্দ্রীয় মসজিদের পুনর্নির্মাণ কাজের উদ্বোধন করবেন।

সফর শেষে পুনরায় ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়ার পথে সন্ধ্যায় তিনি বগুড়া পল্লী উন্নয়ন একাডেমিতে স্বল্প সময়ের জন্য যাত্রাবিরতি করবেন।

এনএন/ ২০ এপ্রিল ২০২৬


Back to top button
🌐 Read in Your Language