হজ যাত্রার দ্বিতীয় দিন: ১৪টি ফ্লাইটে সৌদি যাচ্ছেন ৫ হাজারের বেশি যাত্রী

ঢাকা, ১৯ এপ্রিল – চলতি মৌসুমের পবিত্র হজ যাত্রার দ্বিতীয় দিনে ৫ হাজার ৭৫৬ জন হজযাত্রী নিয়ে ১৪টি ফ্লাইট পরিচালিত হচ্ছে। ১৯ এপ্রিল দিনব্যাপী বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এবং অন্যান্য এয়ারলাইন্সের মাধ্যমে সৌদি আরবের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন এসব যাত্রী। রবিবার ভোর থেকে সকাল পর্যন্ত ইতোমধ্যেই ৪টি ফ্লাইট ঢাকা ছেড়ে গেছে। হজ ক্যাম্পে অবস্থানরত বাকি যাত্রীরা তাদের প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করছেন।
ধর্ম মন্ত্রণালয় সূত্রে জানা গেছে যে এ বছর নিবন্ধিত সকল হজযাত্রীর ভিসা প্রক্রিয়া শতভাগ সম্পন্ন হয়েছে। ১৮ এপ্রিল থেকে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশি হজযাত্রীদের সৌদি যাত্রা শুরু হয় এবং প্রথম দিনে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় মোট ৪ হাজার ৪৫৭ জন হজযাত্রী নিরাপদে গন্তব্যে পৌঁছেছেন। প্রথম দিনে মোট ১১টি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ৬টি, সৌদি এয়ারলাইন্স ৪টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্স ১টি ফ্লাইট পরিচালনা করেছে।
জেদ্দার কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে হজযাত্রীদের স্বাগত জানান সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দেলোয়ার হোসেন এবং জেদ্দাস্থ কনসাল জেনারেল মো. সাখাওয়াত হোসেন। মক্কা হজ অফিসের কাউন্সিলর কামরুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তারাও এসময় উপস্থিত ছিলেন।
সৌদি আরবে আগত হজযাত্রীদের সহায়তায় আইটি হেল্পডেস্ক ইতিমধ্যে কাজ শুরু করেছে এবং প্রথম দিনে ২৭৫টি সেবা প্রদান করা হয়েছে। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে পবিত্র হজ অনুষ্ঠিত হবে। এ বছর মোট ৮৩ হাজার ৬৫ জন হজযাত্রী হজ পালন করবেন। আগামী ২১ মে পর্যন্ত সৌদি আরবের উদ্দেশ্যে এই যাত্রা অব্যাহত থাকবে এবং ফিরতি ফ্লাইট শুরু হবে ৩০ মে থেকে যা চলবে ৩০ জুন পর্যন্ত। এ বছর মোট ৩০টি অনুমোদিত লিড হজ এজেন্সি বেসরকারি ব্যবস্থাপনায় কার্যক্রম পরিচালনা করছে।
এস এম/ ১৯ এপ্রিল ২০২৬









