রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান মিয়ানমারের রাখাইনেই: পররাষ্ট্রমন্ত্রী

ঢাকা, ১৮ এপ্রিল – পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান বলেছেন যে রোহিঙ্গা সংকটের একটি স্থায়ী ও টেকসই সমাধান কেবল মিয়ানমারের রাখাইন রাজ্যেই নিহিত রয়েছে। তিনি বাস্তুচ্যুত এই জনগোষ্ঠীকে নিরাপদ, মর্যাদাপূর্ণ এবং স্বেচ্ছায় প্রত্যাবাসনের প্রক্রিয়া ত্বরান্বিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি জোরালো আহ্বান জানান। শুক্রবার তুরস্কে আয়োজিত আন্টালিয়া ডিপ্লোম্যাসি ফোরাম ২০২৬ এর গ্লোবাল রিফিউজি প্রোটেকশন সিস্টেম ইন দ্য ফেস অব ডিসপ্লেসমেন্ট ক্রাইসিস শীর্ষক এক অধিবেশনে আলোচক হিসেবে উপস্থিত হয়ে তিনি এই মন্তব্য করেন।
পররাষ্ট্রমন্ত্রী তাঁর বক্তব্যে উল্লেখ করেন যে রাখাইনে প্রত্যাবর্তনের অনুকূল পরিবেশ তৈরিতে আন্তর্জাতিক সম্প্রদায়কে কেবল মানবিক সহায়তার গণ্ডি পেরিয়ে আরও সক্রিয় ও ফলপ্রসূ ভূমিকা পালন করতে হবে। আন্তর্জাতিক দাতা দেশগুলোর পক্ষ থেকে রোহিঙ্গাদের জন্য আর্থিক সহায়তা কমে যাওয়ার বিষয়ে তিনি গভীর উদ্বেগ প্রকাশ করেন।
এর পাশাপাশি তিনি প্রয়োজনীয় তহবিলের জোগান বাড়ানো, রাখাইন রাজ্যের স্থিতিশীলতা ও নিরাপত্তা নিশ্চিত করা এবং মানবাধিকার সুরক্ষায় দ্রুত পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। পররাষ্ট্রমন্ত্রী আরও জানান যে দায়িত্ব গ্রহণের পর মিয়ানমার সরকার এবং আরাকান আর্মি উভয় পক্ষই তাকে স্বাগত জানিয়েছে। তিনি দৃঢ়ভাবে বলেন যে রোহিঙ্গা সংকট অবশ্যই সমাধানযোগ্য তবে এর জন্য প্রয়োজন সমন্বিত বৈশ্বিক উদ্যোগ এবং দীর্ঘমেয়াদী আন্তর্জাতিক সহযোগিতা।
এস এম/ ১৮ এপ্রিল ২০২৬









