জাতীয়

জেদ্দায় পৌঁছেছে বাংলাদেশের প্রথম হজ ফ্লাইট, ৪১৯ যাত্রীকে উষ্ণ অভ্যর্থনা

ঢাকা, ১৮ এপ্রিল – বাংলাদেশের ৪১৯ জন হজযাত্রী নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রথম ফ্লাইটটি সফলভাবে সৌদি আরবে পৌঁছেছে। স্থানীয় সময় ভোর ৪ টা ২০ মিনিটে জেদ্দার কিং আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে বিজি ৩০০১ ফ্লাইটটি অবতরণ করে। বিমানবন্দরে হজযাত্রীদের উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দেলওয়ার হোসেন এবং কাউন্সিলর মো. কামরুল ইসলাম বিমানবন্দরে উপস্থিত থেকে হজযাত্রীদের স্বাগত জানান।

এ সময় হজযাত্রীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানোর পাশাপাশি তাদের হাতে বিশেষ রিফ্রেশমেন্ট কিট তুলে দেওয়া হয়। অভ্যর্থনা অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেদ্দায় বাংলাদেশ কনসুলেটের কনসাল জেনারেল মো. সাখাওয়াত হোসেন এবং সহকারী মৌসুমি হজ অফিসার মো. রুহুল আমিন।

এছাড়া জেদ্দা হজ টার্মিনালের হেড অব অপারেশন ইহাহিয়া রাদি এবং নুসুক মারহাবার ম্যানেজার রায়েদ বাকশাউন উপস্থিত থেকে হাজিদের দিকনির্দেশনা প্রদান করেন। এর আগে শুক্রবার রাত সাড়ে ১১টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ২০২৬ সালের হজ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। হজযাত্রীদের সুন্দর ও নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করতে সরকারের পক্ষ থেকে সকল প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

এস এম/ ১৮ এপ্রিল ২০২৬


Back to top button
🌐 Read in Your Language