নোয়াখালী

নোয়াখালীতে ১৪০০ লিটার অবৈধ ডিজেলসহ ৪ জন আটক

নোয়াখালী, ১৮ এপ্রিল – নোয়াখালী সদর উপজেলায় জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ ডিজেল ও একটি ভাউচার গাড়িসহ চারজনকে আটক করেছে। শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার চর মটুয়া ইউনিয়নে এই অভিযান পরিচালনা করা হয়। আটক ব্যক্তিদের মধ্যে রয়েছেন মো. রাশেদ, গাড়ির চালক মো. নাছির উদ্দিন, মো. শিহাব উদ্দিন ও মো. মাকসুদ। তারা সবাই সদর উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।

পুলিশ সূত্রে জানা গেছে, জেলা পুলিশ সুপারের নির্দেশনায় ডিবির একটি বিশেষ দল উপজেলার খলিফার হাট এলাকায় অবস্থানকালে সংবাদ পায় যে চর মটুয়া ইউনিয়নের উদয় সাধুর হাট দক্ষিণ বাজারের আব্দুল মালেক অয়েল স্টোরে অধিক মুনাফার আশায় অবৈধভাবে ডিজেল মজুত করা হয়েছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে রাত পৌনে ১২টার দিকে সেখানে অভিযান চালিয়ে ১৪০০ লিটার ডিজেল ও একটি লাল রঙের তেলবাহী ভাউচার গাড়ি জব্দ করা হয়।

জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মহিনউদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, আটককৃতদের বিরুদ্ধে সুধারাম মডেল থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।

এস এম/ ১৮ এপ্রিল ২০২৬


Back to top button
🌐 Read in Your Language