মোহিত সুরির নতুন ছবিতে ফের জুটি বাঁধছেন আহান ও অনীত

মুম্বাই, ১৬ এপ্রিল – রোমান্টিক ও মিউজিক্যাল ঘরানার চলচ্চিত্রে নির্মাতা মোহিত সুরির মুন্সিয়ানা বরাবরই প্রশংসিত। গত বছর সাইয়ারা চলচ্চিত্রের মাধ্যমে বক্স অফিসে দারুণ সাফল্য পান তিনি। সেই ছবিতে প্রধান চরিত্রে অভিষেক ঘটে আহান পাণ্ডে ও অনীত পড্ডার। প্রথম ছবিতেই দর্শক হৃদয়ে জায়গা করে নেওয়া এই জুটিকে নিয়ে আবারও বড় পর্দায় আসছেন নির্মাতা মোহিত সুরি।
বলিউড হাঙ্গামার এক প্রতিবেদনে জানানো হয়েছে যে বছর না ঘুরতেই মোহিতের নতুন প্রজেক্টে চুক্তিবদ্ধ হয়েছেন আহান ও অনীত। যদিও এটি একটি প্রেমের গল্প তবে সাইয়ারা থেকে এর প্রেক্ষাপট সম্পূর্ণ ভিন্ন হবে। যশরাজ ফিল্মসের প্রযোজনায় নির্মিত হতে যাওয়া এই চলচ্চিত্রে অভিনয়ের জন্য দুই তরুণ শিল্পীই যথেষ্ট আগ্রহ প্রকাশ করেছেন। নতুন এই চলচ্চিত্র প্রসঙ্গে মোহিত সুরি বলেন যে তিনি সবসময় তীব্র আবেগ এবং গভীর অনুভূতির গল্প বলতেই স্বাচ্ছন্দ্যবোধ করেন।
এই ছবিতেও তেমনই এক স্পর্শকাতর প্রেমকাহিনি তুলে ধরার চেষ্টা করবেন তিনি। একই অভিনয়শিল্পীদের নিয়ে আবার কাজ করতে পারা তার জন্য আনন্দের বিষয় বলে জানান এই নির্মাতা। প্রযোজক অক্ষয় বিধানি বলেন যে মোহিতের সঙ্গে তাদের কাজের রসায়ন শুধু চলচ্চিত্র নির্মাণের মধ্যেই সীমাবদ্ধ নয়।
তারা এমন কিছু সৃষ্টি করতে চান যা দর্শকদের মনে দীর্ঘস্থায়ী প্রভাব ফেলবে। সাইয়ারা চলচ্চিত্রের পর এবার আরও একটি গভীর ও সুন্দর গল্প দর্শকদের উপহার দিতে চান তারা। বর্তমানে আহান পাণ্ডে নির্মাতা আলী আব্বাস জাফরের একটি প্রজেক্টে ব্যস্ত রয়েছেন যেখানে তাকে গ্যাংস্টার হিসেবে দেখা যাবে। সেই কাজ শেষ করে আগামী আগস্ট মাসে মোহিত সুরির নাম চূড়ান্ত না হওয়া এই নতুন চলচ্চিত্রের শুটিং শুরু করার কথা রয়েছে।
এস এম/ ১৬ এপ্রিল ২০২৬









