ফুটবল

২০২৬ বিশ্বকাপ ঘিরে টরন্টোয় নিশ্ছিদ্র নিরাপত্তার প্রস্তুতি

অটোয়া, ১৬ এপ্রিল – ২০২৬ ফিফা বিশ্বকাপকে সামনে রেখে কানাডার টরন্টো শহরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের পরিকল্পনা করা হয়েছে। যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর সাথে যৌথভাবে আয়োজিত এই টুর্নামেন্টের প্রস্তুতি হিসেবে ইতিমধ্যেই টরন্টো পুলিশ তাদের বিশেষ নিরাপত্তা ছক প্রকাশ করেছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে যে বিশ্বকাপ চলাকালে শহরে ব্যাপক জনসমাগম ঘটবে। একই সাথে বিভিন্ন প্রতিবাদ ও বিক্ষোভের সম্ভাবনা বিবেচনা করে নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী করা হচ্ছে।

টরন্টো পুলিশের পাশাপাশি রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশ বা আরসিএমপি, ডারহাম, ইয়র্ক, পিল এবং অন্টারিও প্রভিনশিয়াল পুলিশ এই সমন্বিত কার্যক্রমে অংশ নেবে। নিরাপত্তার জন্য বিশেষ গুরুত্ব দেওয়া হবে চারটি নির্দিষ্ট এলাকায়। এর মধ্যে রয়েছে মূল স্টেডিয়াম, ডাউনটাউন ফ্যান ফেস্টিভ্যাল এলাকা, নর্থ ইয়র্কের ডাউনসভিউ পার্ক এবং ইটোবিকোর সেঞ্চেনিয়াল পার্ক।

নজরদারি নিশ্চিত করতে ঘোড়সওয়ার পুলিশ, কুকুর ইউনিট, মেরিন ইউনিট এবং বিস্ফোরক নিষ্ক্রিয়করণ দল সার্বক্ষণিক নিয়োজিত থাকবে। কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী বিশ্বকাপে অংশগ্রহণকারী দর্শকদের প্রায় ৭০ শতাংশই হবে বিদেশি পর্যটক। আন্তর্জাতিক সংবাদমাধ্যমের ব্যাপক উপস্থিতির কারণে নিরাপত্তা ঝুঁকি মোকাবিলায় আগাম প্রস্তুতি হিসেবে প্রয়োজনে শহরের বিভিন্ন সড়ক বন্ধ এবং ট্রাফিক ব্যবস্থায় পরিবর্তন আনা হতে পারে। উল্লেখ্য যে টরন্টোতে বিশ্বকাপের মোট ছয়টি ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে যার মধ্যে কানাডা জাতীয় দলের উদ্বোধনী ম্যাচটিও অন্তর্ভুক্ত।

এস এম/ ১৬ এপ্রিল ২০২৬


Back to top button
🌐 Read in Your Language