আইন-আদালত

ওসমান হাদি হত্যা মামলা: অস্ত্র সরবরাহকারী হেলাল ৩ দিনের রিমান্ডে

ঢাকা, ১৫ এপ্রিল – ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদি হত্যা মামলায় গ্রেপ্তারকৃত অস্ত্র সরবরাহকারী মাজেদুল হক হেলালের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে সাত দিনের রিমান্ডের আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা। উভয় পক্ষের শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

মামলার নথি অনুযায়ী গত বছরের ১২ ডিসেম্বর জুমার নামাজ শেষে ফেরার পথে দুপুর আনুমানিক ২টা ২০ মিনিটে পল্টন থানার বক্স কালভার্ট রোডে দুষ্কৃতকারীরা ওসমান হাদিকে লক্ষ্য করে গুলি ছুড়ে পালিয়ে যায়। এই ঘটনার দুই দিন পর ১৪ ডিসেম্বর ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের বাদী হয়ে পল্টন থানায় একটি মামলা দায়ের করেন। প্রাথমিক অভিযোগে আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধির ১২০(বি), ৩২৬, ৩০৭, ১০৯ ও ৩৪ ধারায় অভিযোগ আনা হয়েছিল।

আহত ওসমান হাদিকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হলেও ১৮ ডিসেম্বর চিকিৎসাধীন অবস্থায় সেখানে তার মৃত্যু হয়। পরবর্তীতে ২০ ডিসেম্বর তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সিদ্দিক আজাদ মামলায় দণ্ডবিধির ৩০২ ধারা অর্থাৎ হত্যার অভিযোগ সংযোজনের আদেশ দেন।

গত ৬ জানুয়ারি মামলার তদন্তকারী কর্মকর্তা ও গোয়েন্দা পুলিশের পরিদর্শক ফয়সাল আহমেদ আদালতে ১৭ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন। তবে ওই চার্জশিটে অসন্তোষ প্রকাশ করে ১৫ জানুয়ারি আদালতে নারাজি আবেদন দাখিল করেন মামলার বাদী। আদালত সেই আবেদন গ্রহণ করে অধিকতর তদন্তের জন্য মামলাটি অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) হস্তান্তরের নির্দেশ প্রদান করেন। বর্তমানে সংস্থাটি মামলাটির তদন্ত কার্যক্রম পরিচালনা করছে।

এস এম/ ১৫ এপ্রিল ২০২৬


Back to top button
🌐 Read in Your Language