মধ্যপ্রাচ্যে অস্থিরতার প্রভাবে বিশ্ববাজারে সোনার দামে বড় পতন

ঢাকা, ১৩ এপ্রিল – মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতা ও বৈশ্বিক অর্থনীতির পরিবর্তিত পরিস্থিতির কারণে বিশ্ববাজারে সোনার দামে বড় ধরনের পতন ঘটেছে। সোমবার লেনদেনের শুরুতেই মূল্যবান এই ধাতুর দাম উল্লেখযোগ্য হারে কমে যায়।
আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, এদিন স্পট গোল্ডের দাম শূন্য দশমিক ৮ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ৭১১ দশমিক ৫১ ডলারে নেমে আসে। দিনের শুরুতে এটি গত ৭ এপ্রিলের পর থেকে সর্বনিম্ন পর্যায়ে অবস্থান করছিল। পাশাপাশি মার্কিন গোল্ড ফিউচারের দাম ১ দশমিক ১ শতাংশ কমে আউন্স প্রতি ৪ হাজার ৭৩২ দশমিক ৮০ ডলারে বেচাকেনা হচ্ছে।
বাজার বিশ্লেষকদের মতে, গত ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের ইরানবিরোধী সংঘাতের পর থেকে সোনার দাম ১০ শতাংশেরও বেশি কমে গেছে। সাধারণত বৈশ্বিক অস্থিরতা বা মূল্যস্ফীতির সময় সোনাকে নিরাপদ বিনিয়োগ হিসেবে বিবেচনা করা হয়। কিন্তু বর্তমানে উচ্চ সুদের হার সোনার বাজারে নেতিবাচক প্রভাব ফেলছে। কারণ এটি একটি সুদবিহীন সম্পদ। এছাড়াও মার্কিন ডলারের মান প্রায় এক সপ্তাহের মধ্যে সর্বোচ্চ অবস্থানে পৌঁছেছে। এর ফলে অন্যান্য মুদ্রা ব্যবহারকারী বিনিয়োগকারীদের জন্য সোনা কেনা অনেক বেশি ব্যয়বহুল হয়ে পড়েছে।
বিশেষজ্ঞদের ধারণা, তেলের বাজারে চলমান অস্থিরতা এবং সুদের হার কমানোর সম্ভাবনা ক্ষীণ হওয়ায় স্বল্প মেয়াদে সোনার বাজারে এই অস্থিতিশীলতা অব্যাহত থাকতে পারে।
এনএন/ ১৩ এপ্রিল ২০২৬









