জাতীয়

বাংলা নববর্ষে ঐক্য ও সম্প্রীতির আহ্বান রাষ্ট্রপতির

ঢাকা, ১৩ এপ্রিল – বাংলা নববর্ষ উপলক্ষে দেশবাসীকে ঐক্য, সম্প্রীতি ও নতুন প্রত্যয়ের আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

তিনি বলেছেন, বাংলা নববর্ষ বাঙালির প্রাণের সর্বজনীন উৎসব। এটি আমাদের অসাম্প্রদায়িক চেতনা, গৌরবময় ঐতিহ্য এবং সমৃদ্ধ সংস্কৃতির এক উজ্জ্বল দৃষ্টান্ত। জাতি, ধর্ম ও বর্ণের ভেদাভেদ ভুলে পহেলা বৈশাখ সবার জন্য আনন্দ ও মিলনের দিন হয়ে ওঠে। অতীতের গ্লানি ও ব্যর্থতা পেছনে ফেলে নতুন প্রত্যাশা নিয়ে এগিয়ে যাওয়ার প্রেরণা জোগায় এই উৎসব।

বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে দেওয়া এক বাণীতে রাষ্ট্রপতি দেশবাসীসহ বিশ্বের সকল বাংলা ভাষাভাষী মানুষকে উষ্ণ শুভেচ্ছা জানিয়েছেন।

বাণীতে তিনি উল্লেখ করেন, একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে দেশে গণতন্ত্রের নতুন পথচলা শুরু হয়েছে। সরকার জনকল্যাণমুখী বেশ কিছু কর্মসূচি চালু করেছে। কৃষিনির্ভর এই দেশে মুঘল আমলে শুরু হওয়া ফসলি সনের ঐতিহাসিক ধারাবাহিকতায় পহেলা বৈশাখে ‘কৃষক কার্ড’ কর্মসূচির সূচনা একটি যুগান্তকারী পদক্ষেপ। এই উদ্যোগ কৃষি ও কৃষকের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

বর্তমান বৈশ্বিক বাস্তবতায় নানা চ্যালেঞ্জ মোকাবিলার কথা স্মরণ করিয়ে দিয়ে রাষ্ট্রপতি বলেন, আমাদের আরও সংযমী ও দায়িত্বশীল হতে হবে। সম্মিলিত প্রচেষ্টা ও সততার মাধ্যমে সকল চ্যালেঞ্জ মোকাবিলা করে একটি উন্নত এবং মানবিক রাষ্ট্র গঠন সম্ভব।

পরিশেষে তিনি বিদায়ী বছরের সকল দুঃখ ভুলে নতুন বছর সবার জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধি বয়ে আনবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন। পারস্পরিক শ্রদ্ধা ও সহমর্মিতার বন্ধন সুদৃঢ় করে একটি অসাম্প্রদায়িক ও ন্যায়ভিত্তিক সমাজ গড়ে তোলার জন্য তিনি সকলের প্রতি আহ্বান জানান।

এনএন/ ১৩ এপ্রিল ২০২৬


Back to top button
🌐 Read in Your Language