পোপকে নিয়ে ট্রাম্পের মন্তব্যের কড়া সমালোচনা ইতালির প্রধানমন্ত্রীর

রোম, ১৩ এপ্রিল – ক্যাথলিক খ্রিষ্টানদের সর্বোচ্চ ধর্মীয় নেতা পোপ ষোড়শ লিওকে নিয়ে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। পোপকে নিয়ে ট্রাম্পের এই বক্তব্যকে সম্পূর্ণ অগ্রহণযোগ্য বলে আখ্যায়িত করেছেন তিনি।
জর্জিয়া মেলোনি স্পষ্টভাবে জানিয়েছেন, পবিত্র পোপ সম্পর্কে ট্রাম্প যে ধরনের মন্তব্য করেছেন তা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তিনি স্মরণ করিয়ে দেন যে, ক্যাথলিক চার্চের প্রধান হিসেবে পোপ সবসময় শান্তির পক্ষে কথা বলবেন এবং সব ধরনের যুদ্ধের নিন্দা জানাবেন, এটাই স্বাভাবিক এবং সবচেয়ে সঠিক অবস্থান।
অন্যদিকে, সম্প্রতি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ডোনাল্ড ট্রাম্প পোপের কঠোর সমালোচনা করেন। তিনি মন্তব্য করেন যে, এমন কোনো পোপকে তারা পছন্দ করেন না যিনি পারমাণবিক অস্ত্র থাকাকে স্বাভাবিক বিষয় হিসেবে মেনে নেন।
ট্রাম্পের দাবি, পোপ এমন একজন মানুষ যিনি চান যুক্তরাষ্ট্র এমন সব দেশের সঙ্গে আপস করুক যারা পারমাণবিক অস্ত্র তৈরির মাধ্যমে পুরো বিশ্বকে ধ্বংসের দিকে ঠেলে দিতে পারে। এছাড়াও আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে পোপকে দুর্বল ও অনুপযুক্ত বলেও মন্তব্য করেন ডোনাল্ড ট্রাম্প।
এনএন/ ১৩ এপ্রিল ২০২৬









