যুদ্ধবিরতির পরও শাহ আমানত বিমানবন্দরে ফ্লাইট চলাচল স্বাভাবিক হয়নি, বাতিল ৯টি

চট্টগ্রাম, ১৩ এপ্রিল – মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতি ঘোষণা করা হলেও চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আন্তর্জাতিক ফ্লাইট চলাচল এখনো পুরোপুরি স্বাভাবিক হয়নি। গত শনিবার থেকে পরিস্থিতির কিছুটা উন্নতি দেখা গেলেও রোববার ও সোমবার মিলিয়ে মোট ৯টি ফ্লাইট বাতিল হয়েছে।
বিমানবন্দর সূত্র থেকে জানা যায়, এই দুদিনে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মধ্যপ্রাচ্য থেকে আসা দুটি এবং একটি বহির্গমন ফ্লাইট বাতিল করা হয়েছে। এছাড়া ইউএস বাংলা এয়ারলাইনসের মধ্যপ্রাচ্য থেকে আসা দুটি ফ্লাইট বাতিল হয়।
অন্যদিকে এয়ার আরাবিয়ার শারজাহ রুটের একটি আগমন ও একটি বহির্গমন ফ্লাইট এবং সালাম এয়ারের মাস্কাট থেকে আসা একটি ও মাস্কাটগামী একটি ফ্লাইট বাতিল হয়েছে। তবে এর মধ্যেও কিছু ফ্লাইট চলাচল স্বাভাবিক রয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, এই দুদিনে বিভিন্ন এয়ারলাইনসের মধ্যপ্রাচ্য থেকে আসা ১৫টি এবং মধ্যপ্রাচ্যগামী ১৫টি সহ মোট ৩০টি ফ্লাইট পরিচালিত হয়েছে।
বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, গত ২৮ ফেব্রুয়ারি থেকে মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে ফ্লাইট চলাচলে বড় ধরনের বিঘ্ন ঘটে। যুদ্ধবিরতির পর ধীরে ধীরে পরিস্থিতির উন্নতি হলেও এখনো পুরোপুরি স্থিতিশীলতা ফিরে আসেনি।
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল জানান, গত ২৮ ফেব্রুয়ারি থেকে এ পর্যন্ত এই বিমানবন্দর দিয়ে মোট ৩০৬টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে।
এনএন/ ১৩ এপ্রিল ২০২৬









