ইউরোপ

ইরানি বন্দরে মার্কিন অবরোধের তীব্র নিন্দা জানাল রাশিয়া

মস্কো, ১৩ এপ্রিল – ইরানি বন্দরগুলোতে অবরোধ আরোপের বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্তের তীব্র নিন্দা জানিয়েছে রাশিয়া। সোমবার ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সাংবাদিকদের জানান, যুক্তরাষ্ট্রের এমন পদক্ষেপ আন্তর্জাতিক বাজারে নেতিবাচক প্রভাব ফেলবে বলে তারা নিশ্চিত। ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ নিয়ে বৃহত্তর চুক্তির অংশ হিসেবে রাশিয়ার কাছে ইরানের ইউরেনিয়াম হস্তান্তরের প্রস্তাব প্রসঙ্গে পেসকভ বলেন, বিষয়টির অনেক খুঁটিনাটি এখনও অস্পষ্ট।

তাই এ বিষয়ে এখনই বিস্তারিত মন্তব্য করতে রাজি হননি তিনি। তবে তিনি নিশ্চিত করেন যে, প্রস্তাবটি দেওয়া হলেও তা এখনও গৃহীত হয়নি এবং রাশিয়া যেকোনো ধরনের সহায়তা করতে প্রস্তুত রয়েছে। অন্যদিকে মার্কিন গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে সিএনএন জানিয়েছে, সংঘাত শুরুর পরপরই রাশিয়া ইরানকে মার্কিন সেনা, জাহাজ ও বিমানের গতিবিধি সংক্রান্ত গুরুত্বপূর্ণ গোয়েন্দা তথ্য সরবরাহ করেছে।

গত মাসে সিএনএন আরও জানায়, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলোর লক্ষ্যবস্তুতে আঘাত হানার জন্য রাশিয়া তাদের ইউক্রেন যুদ্ধের উন্নত ড্রোন প্রযুক্তি দিয়েও ইরানকে সহায়তা করছে। এর পাশাপাশি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন উপসাগরীয় নেতাদের সাথে ধারাবাহিক ফোনালাপে চলমান সংঘাত নিরসনে মধ্যস্থতাকারী হিসেবে রাশিয়ার পক্ষ থেকে সহায়তার প্রস্তাব দিয়েছেন।

এস এম/ ১৩ এপ্রিল ২০২৬


Back to top button
🌐 Read in Your Language