বলিউড

কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোঁসলের জীবনাবসান, মুম্বাইয়ে আজ শেষকৃত্য

মুম্বাই, ১৩ এপ্রিল – ভারতীয় সংগীতজগতের উজ্জ্বল নক্ষত্র ও কিংবদন্তি কণ্ঠশিল্পী আশা ভোঁসলে ৯২ বছর বয়সে মুম্বাইয়ে শেষনিশ্বাস ত্যাগ করেছেন। তাঁর এই প্রয়াণে ভারতীয় সংগীত ও চলচ্চিত্র অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে। পরিবার সূত্রে জানা যায়, রবিবার রাতে মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। চিকিৎসকেরা জানিয়েছেন, বার্ধক্যজনিত নানা জটিলতা ও শারীরিক অসুস্থতার কারণে শেষ মুহূর্তে তাঁর শরীরের একাধিক অঙ্গ কাজ করা বন্ধ করে দেয়।

আজ সোমবার বিকেল চারটায় মুম্বাইয়ের শিবাজি পার্কে রাষ্ট্রীয় মর্যাদায় এই কিংবদন্তি শিল্পীর শেষকৃত্য অনুষ্ঠিত হবে বলে তাঁর পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। উল্লেখ্য, এই একই স্থানে তাঁর বড় বোন লতা মঙ্গেশকরেরও শেষকৃত্য সম্পন্ন হয়েছিল। এই অনুষ্ঠানে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনবিস উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে। এর আগে, রবিবার সন্ধ্যায় তাঁর মরদেহ লোয়ার পারেলের বাসভবনে নিয়ে যাওয়া হয়। পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী, আজ সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত ভক্ত ও অনুরাগীদের শেষ শ্রদ্ধা নিবেদনের জন্য তাঁর মরদেহ সেখানে রাখা হবে।

দীর্ঘ সাত দশকেরও বেশি সময় ধরে সংগীতজগতে বিচরণ করেছেন আশা ভোঁসলে। ১২ হাজারেরও বেশি গানে কণ্ঠ দিয়ে তিনি উপমহাদেশের সংগীতে এক অনন্য ইতিহাস তৈরি করেছেন। হিন্দি ছাড়াও ২০টিরও বেশি ভাষায় গান গেয়ে তিনি বিশ্বব্যাপী পরিচিতি লাভ করেন। গজল, শাস্ত্রীয় থেকে শুরু করে আধুনিক সব ধারার সংগীতেই তাঁর পদচারণা ছিল অত্যন্ত সাবলীল। সংগীতে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ভারতের সর্বোচ্চ চলচ্চিত্র সম্মাননা দাদাসাহেব ফালকে পুরস্কার, পদ্মবিভূষণ এবং বেশ কয়েকবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হয়েছেন তিনি।

তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বলিউড ও দক্ষিণি চলচ্চিত্র অঙ্গনের বহু তারকা। শাহরুখ খান, কাজল, কারিনা কাপুর খান, ভিকি কৌশল, রাম গোপাল ভার্মা, এ আর রাহমান, কমল হাসান ও জুনিয়র এনটিআরসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। অভিনেতা মনোজ বাজপেয়ী তাঁর শোকবার্তায় জানান, আশা ভোঁসলের কণ্ঠস্বর ভবিষ্যৎ প্রজন্মকে সর্বদা অনুপ্রাণিত করবে। অন্যদিকে, দক্ষিণি তারকা রামচরণ এই ঘটনাকে ভারতীয় সংগীতের এক অপূরণীয় ক্ষতি বলে উল্লেখ করেছেন। কিংবদন্তি এই শিল্পীকে শেষ শ্রদ্ধা জানাতে রবিবার রাত থেকেই তাঁর বাসভবনে উপস্থিত হন জাভেদ আখতার, শাবানা আজমি, বিদ্যা বালন এবং এ আর রাহমানের মতো বিশিষ্টজনেরা।

এস এম/ ১৩ এপ্রিল ২০২৬


Back to top button
🌐 Read in Your Language