নববর্ষ উদযাপনে কোনো ধরনের নিরাপত্তা হুমকি নেই: র্যাব ডিজি

ঢাকা, ১৩ এপ্রিল – আসন্ন বাংলা নববর্ষ উদযাপন ঘিরে কোনো ধরনের নিরাপত্তা হুমকি নেই বলে দেশবাসীকে আশ্বস্ত করেছেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের মহাপরিচালক অতিরিক্ত আইজিপি মো. আহসান হাবীব পলাশ। রাজধানীর রমনার বটমূলে র্যাবের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই কথা জানান।
র্যাব মহাপরিচালক বলেন, বর্ষবরণ উপলক্ষে শাহবাগ, টিএসসি, হাতিরঝিল, মানিক মিয়া অ্যাভিনিউ এবং রমনার বটমূলসহ যেসব স্থানে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, সেখানে কঠোর নিরাপত্তা বেষ্টনী তৈরি করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিশেষ পরীক্ষণ ও অবজারভেশন চেকপোস্ট স্থাপন করার পাশাপাশি বোম ডিসপোজাল ইউনিট এবং ডগ স্কয়াড মাঠে কাজ করছে।
দেশজুড়ে উৎসবের সার্বিক নিরাপত্তায় কন্ট্রোল রুম, চেকপোস্ট এবং সিসিটিভি মনিটরিংয়ের মাধ্যমে নজরদারি বাড়ানো হয়েছে। নারী দর্শনার্থীদের নিরাপত্তায় বিশেষ গুরুত্বারোপ করে তিনি জানান, ইভটিজিং এবং যৌন হয়রানি রোধে র্যাব সদস্যরা সর্বোচ্চ সতর্কাবস্থায় রয়েছেন।
এবারের নববর্ষ অন্যান্য বছরের তুলনায় আরও আনন্দমুখর এবং উৎসবমুখর পরিবেশে উদযাপিত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। কেউ কোনো ধরনের অপরাধ সংঘটিত করার চেষ্টা করলে তাকে দ্রুত আইনের আওতায় আনা হবে বলেও হুঁশিয়ারি দেন এই কর্মকর্তা।
এস এম/ ১৩ এপ্রিল ২০২৬









