বিএনপির কর্মকাণ্ড দেশবাসীর জন্য সুখকর নয়: হাসনাত আব্দুল্লাহ

ঢাকা, ১৩ এপ্রিল – জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ বলেছেন, বর্তমান সংসদে সংখ্যাগরিষ্ঠ বিএনপি নিজেদের ইচ্ছামতো সবকিছু করছে। সরকার যেভাবে চাইছে, সংসদের আইন সেভাবেই তৈরি হচ্ছে। বাংলাদেশ যে পথে অগ্রসর হচ্ছে, তাতে বিএনপির ভূমিকা দেশবাসীর জন্য কোনো সুখকর বার্তা দিচ্ছে না।
রোববার ১২ এপ্রিল রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে লাইভে এসে তিনি এসব কথা বলেন। প্রায় ৫২ মিনিটের এই ফেসবুক লাইভে তিনি বিএনপি সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের কড়া সমালোচনা করেন।
হাসনাত আব্দুল্লাহ উল্লেখ করেন, সংসদে বেশ কয়েকটি সংস্কার প্রস্তাব পাসের কথা থাকলেও গুরুত্বপূর্ণ পুলিশ সংস্কার কমিশনের প্রস্তাবটি উত্থাপনই করা হয়নি। জনগণের জন্য এটি কতটা প্রয়োজনীয়, সে বিষয়ে সংসদে কোনো আলোচনাই হয়নি।
তিনি আরও বলেন, বাংলাদেশের শীর্ষ ২০ জন ঋণখেলাপির তালিকা চেয়ে তিনি সংসদে প্রশ্ন করেছিলেন। এর পরিপ্রেক্ষিতে অর্থমন্ত্রী আমির খসরু সংসদে যে ২০টি প্রতিষ্ঠানের তালিকা দিয়েছেন, তার মধ্যে ৯টিই এস আলমের প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানগুলোকে পুনরায় ব্যাংকিং খাতে ফিরিয়ে আনার জন্য আইন পাস করা হয়েছে, যা বাংলাদেশের জন্য একটি অত্যন্ত কালো দিন।
জুলাই মাসের গণঅভ্যুত্থানের কথা স্মরণ করে তিনি বলেন, যারা আত্মত্যাগ করেছিলেন, তারা রাষ্ট্রের কাঠামোগত সংস্কার চেয়েছিলেন। কিন্তু বাস্তবে রাষ্ট্রের কোনো কাঠামোগত পরিবর্তন হচ্ছে না। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা কখনোই দেশের জন্য ভালো ফল বয়ে আনে না।
তিনি অভিযোগ করেন যে, বিএনপি বর্তমানে চরম আত্মতুষ্টিতে ভুগছে।
অন্যান্য সংসদ সদস্যদের প্রসঙ্গ টেনে তিনি বলেন, অনেক সংসদ সদস্য আছেন যারা নিজেদের এলাকার বাজেট বা উন্নয়ন কার্যক্রম বন্ধ হয়ে যাওয়ার ভয়ে বিএনপির মন্ত্রীদের সমালোচনা করতে চান না। তবে তিনি স্পষ্ট জানিয়ে দেন, তার এলাকার বাজেট বা উন্নয়ন কার্যক্রম বন্ধ করে দেওয়া হলেও তিনি পিছপা হবেন না।
প্রশাসন বা পুলিশ তাকে অসহযোগিতা করলেও দিনশেষে বাংলাদেশের সাধারণ জনগণ তার পক্ষে আছে বলে তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন।
এনএন/ ১৩ এপ্রিল ২০২৬









