জাতীয়

আপাতত ভোজ্যতেলের দাম বাড়ছে না, জানালেন বাণিজ্যমন্ত্রী

ঢাকা, ১২ এপ্রিল – দেশে আপাতত ভোজ্যতেলের দাম বাড়ছে না বলে নিশ্চিত করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

রোববার দেশের ভোজ্যতেল সরবরাহ পরিস্থিতি পর্যালোচনার উদ্দেশ্যে আয়োজিত এক বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

মন্ত্রী বলেন মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধসহ নানা বৈশ্বিক কারণে দেশের মানুষ বর্তমানে এক ধরনের অর্থনৈতিক শঙ্কার মধ্যে রয়েছে। এই পরিস্থিতিতে সরকারের প্রথম অগ্রাধিকার হলো নিত্যপ্রয়োজনীয় কোনো পণ্যের দাম যেন না বাড়ে তা নিশ্চিত করা। আর সেই লক্ষ্যেই সরকার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করছে।

ভোজ্যতেলকে একটি অত্যন্ত সংবেদনশীল পণ্য হিসেবে উল্লেখ করে তিনি জানান এই পণ্যের দাম বাড়লে সাধারণ ক্রেতারা চরম ভোগান্তির শিকার হন। তাই তেলের সরবরাহ পরিস্থিতি ও আমদানি গভীরভাবে পর্যালোচনা করা হচ্ছে।

বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত এই বৈঠকে দেশের ভোজ্যতেল সরবরাহকারী প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এর আগে গত ৯ এপ্রিল বৃহস্পতিবার ভোজ্যতেলের দাম বাড়ানোর প্রস্তাব দিয়েছিল মিল মালিকদের সংগঠন বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন।

বাণিজ্য মন্ত্রণালয় ও বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন সেই প্রস্তাব বিস্তারিত যাচাই বাছাই করে দাম না বাড়ানোর চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করে। তবে তেলের দাম না বাড়িয়ে সরবরাহকারী প্রতিষ্ঠানগুলোর মুনাফা সমন্বয়ের জন্য কিছু বিকল্প সুবিধা প্রদানের বিষয়ে বৈঠকে আলোচনা হয়েছে যদিও এ বিষয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত গৃহীত হয়নি।

এনএন/ ১২ এপ্রিল ২০২৬


Back to top button
🌐 Read in Your Language