উত্তর আমেরিকা

হরমুজ প্রণালি অবরুদ্ধ করার নির্দেশ দিলেন ডোনাল্ড ট্রাম্প

ওয়াশিংটন, ১২ এপ্রিল – মার্কিন নৌবাহিনীকে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি অবরুদ্ধ করার নির্দেশ দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

রোববার ১২ এপ্রিল ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি জানান, হরমুজ প্রণালিতে কোনো জাহাজ প্রবেশ করতে বা সেখান থেকে বের হতে পারবে না।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদন অনুযায়ী, ট্রাম্পের এই নির্দেশ ইরানের বিরুদ্ধে সম্ভাব্য সামরিক অভিযানের ইঙ্গিত দিচ্ছে। তবে এখনই তেহরানে সরাসরি হামলা চালানো হবে না।

মূলত হরমুজ প্রণালি পুরোপুরি খুলে দেওয়ার লক্ষ্যেই প্রথমে তা বন্ধ করার কৌশল নেওয়া হয়েছে। আলজাজিরা আরও জানিয়েছে, ট্রাম্পের দাবি অনুযায়ী এই অবরোধে অন্যান্য দেশও যুক্ত হবে। তবে নির্দিষ্ট করে কোনো দেশের নাম উল্লেখ করা হয়নি।

ট্রাম্প আরও হুশিয়ারি দিয়েছেন, ইরানে অবশিষ্ট থাকা স্থাপনা ধ্বংস করতে মার্কিন বাহিনী সম্পূর্ণ প্রস্তুত। এটি মূলত ইরানে দ্বিতীয় দফায় হামলার সম্ভাবনাকে জোরালো করছে।

ট্রাম্পের এই সিদ্ধান্ত থেকে ধারণা করা হচ্ছে, প্রথমে তিনি হরমুজ প্রণালি অবরুদ্ধ করবেন এবং এরপর অবরোধ তুলে নিতে ইরানকে চাপ প্রয়োগ করবেন। ইরান এতে রাজি না হলে সামরিক হামলা চালানো হতে পারে। এছাড়া হরমুজ প্রণালি দিয়ে চলাচলের জন্য ইরানের টোল আদায়ের ঘোষণাকে চাঁদাবাজি বলে আখ্যা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি সতর্ক করে বলেছেন, যেসব জাহাজ ইরানকে টোল দিয়েছে তাদের আটক করা হবে।

এর আগে গত শনিবার পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিদের মধ্যে সরাসরি বৈঠক অনুষ্ঠিত হয়। সেই বৈঠক ব্যর্থ হওয়ার এক দিন পরই ট্রাম্প এই কঠোর নির্দেশ দিলেন।

এনএন/ ১২ এপ্রিল ২০২৬


Back to top button
🌐 Read in Your Language