শিক্ষা

জ্বালানি সংকট মোকাবিলায় রাজধানীতে পরীক্ষামূলক অনলাইন ক্লাস শুরু

ঢাকা, ১২ এপ্রিল – জ্বালানি সংকট মোকাবিলায় সরকারি নানা পদক্ষেপের পাশাপাশি এবার শিক্ষাপ্রতিষ্ঠানেও নতুন রুটিন চালু করা হয়েছে। প্রচলিত পদ্ধতির বাইরে গিয়ে পরীক্ষামূলকভাবে শুরু হয়েছে অনলাইন ক্লাস। রবিবার সকালে রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে এই কার্যক্রমের সূচনা হয়। এদিন সকাল ৯টা থেকে শিক্ষকরা নিজ নিজ শ্রেণিকক্ষে উপস্থিত থেকে শিক্ষার্থীদের ভার্চুয়ালি পাঠদান করেন।

শিক্ষার্থীরা বাড়িতে বসেই এই ক্লাসে অংশ নেয়। সংশ্লিষ্ট শিক্ষকরা জানিয়েছেন, বৈসাবির ছুটির কারণে আপাতত কলেজ শাখায় পরীক্ষামূলকভাবে এই পদ্ধতি শুরু হয়েছে। তবে পর্যায়ক্রমে স্কুল শাখায়ও তা চালু করা হবে। নতুন রুটিন অনুযায়ী সপ্তাহে তিন দিন রবিবার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস হবে। আর শনিবার, সোমবার ও বুধবার সশরীরে বা অফলাইনে ক্লাস নেওয়া হবে।

এর আগে বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে দেশের মহানগর এলাকার শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে অনলাইন ক্লাস চালুর পরিকল্পনা করে শিক্ষা মন্ত্রণালয়। এ বিষয়ে গত ৮ এপ্রিল অংশীজনদের সঙ্গে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। পরদিন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন জানান, ডিজিটাল শিক্ষার প্রতি আগ্রহ বাড়াতে রাজধানীর কয়েকটি স্কুলকে পাইলট প্রকল্পের আওতায় আনা হয়েছে। এই উদ্যোগ সফল হলে ধীরে ধীরে সারা দেশে তা কার্যকর করা হবে। শিক্ষকরা বিদ্যালয়ে উপস্থিত থেকেই অনলাইনে এই কার্যক্রম পরিচালনা করবেন বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এস এম/ ১২ এপ্রিল ২০২৬


Back to top button
🌐 Read in Your Language