যুদ্ধে যা পায়নি, যুক্তরাষ্ট্রের সেই চাওয়াতেই ভেস্তে গেল বৈঠক

তেহরান, ১২ এপ্রিল – ইসলামাবাদে দীর্ঘ ২১ ঘণ্টা আলোচনার পরও যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিদের বৈঠক ব্যর্থ হয়েছে। কোনো ধরনের শান্তি চুক্তি বা সমঝোতা ছাড়াই দুই দেশের প্রতিনিধিরা ফিরে যাচ্ছেন।
এই ব্যর্থতা নিয়ে ইরানের প্রতিনিধি দল আনুষ্ঠানিকভাবে কোনো সংবাদ সম্মেলন করেনি। তবে দেশটির সংবাদমাধ্যম ফার্স নিউজ তাদের সূত্রের বরাতে জানিয়েছে, হরমুজ প্রণালি ও পরমাণু প্রকল্পসহ বিভিন্ন ইস্যুতে মতপার্থক্যের কারণেই বৈঠকটি ফলপ্রসূ হয়নি।
ফার্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে ওই সূত্রটি জানায়, যুক্তরাষ্ট্রের উচ্চাকাঙ্ক্ষী শর্তসমূহ এই ব্যর্থতার প্রধান কারণ। যুদ্ধে তারা যা অর্জন করতে পারেনি, আলোচনার মাধ্যমে সেসব আদায় করতে চেয়েছিল।
উল্লেখ্য, ইরানের পরমাণু প্রকল্প এবং ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে গত দুই যুগ ধরে যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বন্দ্ব চলছে। এর আগে গত ৬ ফেব্রুয়ারি থেকে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত তেহরান এবং ওয়াশিংটনের মধ্যে ২১ দিনব্যাপী সংলাপ চলেছিল।
২৭ ফেব্রুয়ারি কোনো সমঝোতা ছাড়াই সেই সংলাপ শেষ হয়। পরদিন ২৮ ফেব্রুয়ারি ইরানে অপারেশন এপিক ফিউরি শুরু করে মার্কিন সামরিক বাহিনী। একই সময়ে ইসরায়েলও অপারেশন রোয়ারিং লায়ন নামে সামরিক অভিযান চালায়।
পরবর্তীতে কূটনৈতিক উপায়ে উত্তেজনা কমানোর লক্ষ্যে ৭ এপ্রিল উভয় পক্ষ যুদ্ধবিরতি ঘোষণা করে। এর ধারাবাহিকতায় ১১ এপ্রিল দুই দেশের সরকারি প্রতিনিধিরা ফের সংলাপে বসেছিলেন, যা আবারও কোনো চুক্তি ছাড়াই শেষ হলো।
এনএন/ ১২ এপ্রিল ২০২৬









