উত্তর আমেরিকা

২১ ঘণ্টার আলোচনা ব্যর্থ, ইরানের সঙ্গে চুক্তি ছাড়াই পাকিস্তান ছাড়ছে যুক্তরাষ্ট্র

ওয়াশিংটন, ১২ এপ্রিল – দীর্ঘ ২১ ঘণ্টার ম্যারাথন আলোচনার পরও ইরানের সঙ্গে কোনো চুক্তিতে পৌঁছাতে পারেনি যুক্তরাষ্ট্র। এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদল পাকিস্তান ত্যাগের পরিকল্পনা করছে বলে জানিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স।

রোববার ইসলামাবাদে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই তথ্য নিশ্চিত করেন।

পাকিস্তানের মধ্যস্থতায় দুই দেশের প্রতিনিধিদলের মধ্যে টানা দ্বিতীয় দিনের মতো এই সরাসরি আলোচনা অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে জে ডি ভ্যান্স পাকিস্তানের প্রধানমন্ত্রী এবং ফিল্ড মার্শাল মুনিরের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি স্পষ্ট করেন যে, আলোচনায় কোনো ত্রুটি বা বিচ্যুতির জন্য পাকিস্তান মোটেও দায়ী নয়। মধ্যস্থতাকারী হিসেবে তারা অসাধারণ দায়িত্ব পালন করেছে।

টানা ২১ ঘণ্টা ধরে গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হলেও শেষ পর্যন্ত কোনো চুক্তিতে পৌঁছাতে না পারাকে দুর্ভাগ্যজনক বলে মন্তব্য করেন তিনি।

মার্কিন ভাইস প্রেসিডেন্ট জানান, যুক্তরাষ্ট্র অত্যন্ত নমনীয় মনোভাব এবং সৎ উদ্দেশ্য নিয়েই আলোচনায় অংশগ্রহণ করেছিল। বর্তমানে যুক্তরাষ্ট্র একটি অত্যন্ত সহজ ও চূড়ান্ত প্রস্তাব রেখে যাচ্ছে এবং ইরান সেটি গ্রহণ করে কি না, তা এখন দেখার বিষয়। ম্যারাথন এই আলোচনার সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে গত ২১ ঘণ্টায় অন্তত ছয় থেকে বারোবার কথা বলেছেন বলেও জানান ভ্যান্স।

সংবাদ সম্মেলনে ভ্যান্সের পেছনে ট্রাম্পের জামাতা ও হোয়াইট হাউসের উপদেষ্টা জ্যারেড কুশনার এবং মধ্যপ্রাচ্যে নিযুক্ত যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ উপস্থিত ছিলেন। তারা উভয়ই ইরানের সঙ্গে এই আলোচনায় মার্কিন প্রতিনিধিদলের গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে অংশগ্রহণ করেন।

এনএন/ ১২ এপ্রিল ২০২৬


Back to top button
🌐 Read in Your Language