লেবাননে ইসরায়েলি হামলায় বাংলাদেশি নিহতের ঘটনায় ঢাকার তীব্র নিন্দা

ঢাকা, ১১ এপ্রিল – লেবাননে ইসরায়েলের সাম্প্রতিক হামলায় বেসামরিক নাগরিকদের হতাহত হওয়া এবং এক বাংলাদেশি রেমিট্যান্স যোদ্ধার মৃত্যুর ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ সরকার। পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, এ ধরনের অপ্রত্যাশিত ও ধ্বংসাত্মক সহিংসতা আঞ্চলিক শান্তি এবং স্থিতিশীলতা প্রতিষ্ঠার চলমান প্রচেষ্টাকে মারাত্মকভাবে ব্যাহত করতে পারে।
শনিবার দেওয়া ওই বিবৃতিতে লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলি হামলায় প্রবাসী বাংলাদেশি নাগরিক দীপালি নিহত হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করা হয়েছে। শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে এই কঠিন সময়ে তাদের পাশে থাকার পূর্ণ প্রতিশ্রুতি দিয়েছে ঢাকা।
বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, লেবাননে অবস্থিত বাংলাদেশ দূতাবাস ভুক্তভোগীর পরিবারের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ অব্যাহত রেখেছে। সেখানকার সার্বিক পরিস্থিতি কিছুটা অনুকূলে এলে নিহতের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হবে বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।
এস এম/ ১১ এপ্রিল ২০২৬









