উত্তর আমেরিকা

আর্টেমিস ২ এর নভোচারীদের অভিনন্দন জানালেন ডোনাল্ড ট্রাম্প

ওয়াশিংটন, ১১ এপ্রিল – সফল চন্দ্রাভিযান শেষে প্রশান্ত মহাসাগরে নিরাপদে অবতরণ করেছে আর্টেমিস ২। এই ঐতিহাসিক সাফল্যের পর নভোচারীদের ভূয়সী প্রশংসা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার এক বিশেষ অভিনন্দন বার্তায় তিনি এই উচ্ছ্বাস প্রকাশ করেন। একই সঙ্গে তিনি পরবর্তী লক্ষ্য হিসেবে মঙ্গল গ্রহে মহাকাশ অভিযানের কথা তুলে ধরেন।

নিজস্ব সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ডোনাল্ড ট্রাম্প বলেন আর্টেমিস ২ এর অত্যন্ত মেধাবী এবং অসাধারণ ক্রু সদস্যদের তিনি আন্তরিক অভিনন্দন জানাচ্ছেন। পুরো মহাকাশ সফরটি ছিল এক কথায় অসাধারণ এবং পৃথিবীতে তাদের অবতরণও হয়েছে একেবারে নিখুঁত। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে এই যুগান্তকারী অর্জনে তিনি নিজেকে অত্যন্ত গর্বিত মনে করছেন।

ট্রাম্প আরও জানান যে খুব শিগগিরই তিনি হোয়াইট হাউসে নভোচারীদের সঙ্গে সাক্ষাৎ করবেন। আমেরিকা ভবিষ্যতে আবারও এই ধরনের মহাকাশ অভিযান পরিচালনা করবে এবং তাদের পরবর্তী গন্তব্য হবে মঙ্গল গ্রহ বলে তিনি নিশ্চিত করেছেন।

এস এম/ ১১ এপ্রিল ২০২৬


Back to top button
🌐 Read in Your Language