পশ্চিমবঙ্গ

হাসিনাকে আশ্রয় দেওয়া নিয়ে মোদি সরকারকে তোপ অভিষেকের

কলকাতা, ১১ এপ্রিল – বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারতে আশ্রয় দেওয়া কেন্দ্র করে পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে। তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ভারতের কেন্দ্রীয় সরকারের তীব্র সমালোচনা করেছেন। তিনি প্রশ্ন তুলেছেন, কেন শেখ হাসিনাকে দীর্ঘদিন ধরে দিল্লিতে অবস্থান করতে দেওয়া হচ্ছে। শুক্রবার এক বিবৃতিতে তিনি সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন সরকারের কাছে এর যুক্তি জানতে চান।

একইসঙ্গে এর পেছনে কোনো বৃহৎ শিল্পগোষ্ঠীর স্বার্থ জড়িয়ে আছে কি না, তা নিয়েও সন্দেহ প্রকাশ করেন তিনি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দাবি, বিষয়টি শুধু কূটনৈতিক সম্পর্কের মধ্যে আটকে নেই, এর সঙ্গে গভীর অর্থনৈতিক স্বার্থও যুক্ত থাকতে পারে। ভারতের কিছু প্রভাবশালী শিল্পগোষ্ঠীর স্বার্থ রক্ষা করতেই কেন্দ্রীয় সরকার এমন সিদ্ধান্ত নিয়েছে বলে তিনি অভিযোগ করেন। এই পরিস্থিতিতে তিনি কেন্দ্রীয় সরকারের প্রতিবেশী প্রথম নীতির কঠোর সমালোচনা করেছেন।

তৃণমূলের এই শীর্ষ নেতা বলেন, সাধারণ করদাতাদের অর্থে একজন বিদেশি নেতাকে দিনের পর দিন আশ্রয় দেওয়ার কোনো যৌক্তিকতা নেই। এর বদলে ভারতের অভ্যন্তরীণ সংকট, বিশেষ করে বেকারত্ব ও মূল্যবৃদ্ধির মতো সমস্যা সমাধানে সরকারের বেশি নজর দেওয়া প্রয়োজন ছিল। বর্তমান সরকার সাধারণ মানুষের স্বার্থের চেয়ে করপোরেট স্বার্থকে বেশি গুরুত্ব দিচ্ছে বলেও তিনি অভিযোগ করেন। তার মতে, শেখ হাসিনাকে দিল্লিতে রাখা এবং বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তারের যে চেষ্টা চলছে, তার পেছনে মূলত বড় শিল্পপতিদেরই স্বার্থ কাজ করছে।

এস এম/ ১১ এপ্রিল ২০২৬


Back to top button
🌐 Read in Your Language