রাজধানীর পেট্রোল পাম্পগুলোতে জ্বালানি তেলের তীব্র সংকট, দীর্ঘ লাইনে চরম ভোগান্তি

ঢাকা, ১১ এপ্রিল – জ্বালানি তেলের সরবরাহ সংকট এবং আতঙ্কের জেরে রাজধানীর বেশিরভাগ পেট্রোল পাম্পে যানবাহনের দীর্ঘ লাইন অব্যাহত রয়েছে। এর ফলে চরম ভোগান্তিতে পড়েছেন বিভিন্ন যানবাহনের চালকরা। শনিবার সকাল থেকেই ফিলিং স্টেশনগুলোতে উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। অনেক চালক জ্বালানি সংগ্রহের জন্য মধ্যরাত থেকে লাইনে দাঁড়িয়েছেন, আবার অনেকেই খুব ভোরে পাম্পে এসে অপেক্ষা করছেন।
পাম্প সংশ্লিষ্টদের মতে, চাহিদার তুলনায় তেলের সরবরাহ অনেক কম থাকায় এই দীর্ঘ লাইনের সৃষ্টি হয়েছে। এছাড়া সরবরাহ সংকটের আতঙ্কে অনেক গ্রাহক তাদের প্রয়োজনের তুলনায় অতিরিক্ত তেল মজুত করার চেষ্টা করছেন। অন্যদিকে চালকদের অভিযোগ, ঘণ্টার পর ঘণ্টা লাইনে অপেক্ষা করেও তারা তাদের চাহিদামতো জ্বালানি পাচ্ছেন না।
পরিস্থিতি স্বাভাবিক করতে প্রশাসনের কার্যকর কোনো পদক্ষেপ না থাকায় অনেকেই ক্ষোভ প্রকাশ করেছেন। জ্বালানি তেলের এই তীব্র সংকটে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন রাইড শেয়ারিং সেবায় যুক্ত থাকা মোটরসাইকেল চালকরা। তেলের অভাবে নিয়মিত ট্রিপ মারতে না পারায় তাদের দৈনন্দিন উপার্জন মারাত্মকভাবে কমে গেছে বলে তারা জানিয়েছেন।
এস এম/ ১১ এপ্রিল ২০২৬









