ইনস্টাগ্রামে নতুন সুবিধা: ১৫ মিনিটের মধ্যে এডিট করা যাবে কমেন্ট

ঢাকা, ১১ এপ্রিল – জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রাম ব্যবহারকারীদের জন্য নতুন একটি সুবিধা নিয়ে এসেছে মূল প্রতিষ্ঠান মেটা। এখন থেকে ব্যবহারকারীরা কোনো পোস্টে কমেন্ট করার পর প্রথম ১৫ মিনিটের মধ্যে সেটি এডিট বা সংশোধন করতে পারবেন। প্রযুক্তি বিষয়ক সংবাদ মাধ্যম এনগ্যাজেট তাদের এক প্রতিবেদনে জানিয়েছে সম্প্রতি ইনস্টাগ্রাম প্ল্যাটফর্মে যুক্ত হওয়া একাধিক নতুন ফিচারের মধ্যে এটি অন্যতম সংযোজন।
তবে এই সংশোধনের সুযোগ কেবল কমেন্ট করার পরবর্তী ১৫ মিনিট পর্যন্ত কার্যকর থাকবে। এই পদ্ধতিটি অনেকটা ২০২৪ সালে ইনস্টাগ্রামে চালু হওয়া মেসেজ এডিট ফিচারের মতোই কাজ করবে। উল্লেখ্য ২০১৩ সালে ইনস্টাগ্রামে ডাইরেক্ট মেসেজ বা ডিএম সেবা চালু হওয়ার দীর্ঘ ১১ বছর পর মেসেজ এডিটের সুবিধাটি যুক্ত হয়েছিল। নতুন এই নিয়মে ব্যবহারকারী কেবল নিজের অ্যাকাউন্ট থেকে করা কমেন্টগুলোই এডিট করতে পারবেন।
এর প্রক্রিয়াটিও বেশ সহজ ও সাবলীল করা হয়েছে। নিজের করা কমেন্টের নিচে থাকা এডিট অপশনে ট্যাপ করলেই একটি টেক্সট বক্স খুলে যাবে। সেখানে প্রয়োজনীয় পরিবর্তন শেষে নীল রঙের চেক মার্ক অপশনে চাপ দিলেই তা স্বয়ংক্রিয়ভাবে সেভ হয়ে যাবে। মেটা কর্তৃপক্ষের ভাষ্যমতে নির্ধারিত ওই ১৫ মিনিটের মধ্যে একজন ব্যবহারকারী যতবার ইচ্ছা তার নিজের কমেন্টটি এডিট করতে পারবেন।
বর্তমান সময়ে ইনস্টাগ্রামের বিভিন্ন জায়গায় কমেন্ট দৃশ্যমান হয় এবং ২০২৪ সাল থেকে স্টোরিতেও কমেন্ট দেখার সুযোগ তৈরি হয়েছে। ফলে এসব ক্ষেত্রে কমেন্ট এডিটের সুযোগ দেওয়াকে একটি ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখছেন প্রযুক্তি বিশ্লেষকরা।
এছাড়া চলতি বছরের মার্চের শুরুতে মেটা এক ঘোষণায় জানিয়েছিল তারা ইনস্টাগ্রাম ডিএম থেকে এন্ড টু এন্ড এনক্রিপশন সরিয়ে নিচ্ছে। পাশাপাশি মাসের শেষ দিকে ইনস্টাগ্রাম প্লাস নামের একটি সাবস্ক্রিপশন পরিষেবা নিয়েও পরীক্ষা শুরু করেছে প্রতিষ্ঠানটি। এর মাধ্যমে অ্যাপের স্টোরি ফিচারে নতুন বেশ কিছু আধুনিক সুবিধা পাবেন ব্যবহারকারীরা।
এস এম/ ১১ এপ্রিল ২০২৬









