শিক্ষা

রাজশাহী পলিটেকনিকে শিক্ষার্থীদের অভিযোগ শুনলেন শিক্ষামন্ত্রী

রাজশাহী, ১১ এপ্রিল – রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের সরাসরি নানা সমস্যা ও অভিযোগের কথা শুনেছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। শনিবার সকালে প্রতিষ্ঠানটিতে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি প্রচলিত বক্তব্যের বাইরে গিয়ে শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন। সামনে পরীক্ষার প্রসঙ্গ টেনে শিক্ষামন্ত্রী বলেন, এতে শিক্ষার্থীরা ফেল করলে ছয় মাস পর তিনিও ফেল করবেন, তাই কারও বাঁচার উপায় নেই।

মতবিনিময়কালে এক শিক্ষার্থী অভিযোগ করেন যে, নিয়মিত ক্লাস হয় না এবং প্র্যাকটিক্যাল কাজ আটকে থাকায় পাঠ ঠিকভাবে বোঝা যায় না। এর প্রেক্ষিতে সংশ্লিষ্ট বিভাগের শিক্ষক মাশফিকুর রহমান জানান, ১৯৬৩ সালে নির্মিত ভবনে ক্লাস ও ল্যাব পরিচালনা করতে হচ্ছে। প্রয়োজনীয় যন্ত্রপাতির অভাবে কার্যকরভাবে পাঠদান সম্ভব হচ্ছে না। অন্য এক শিক্ষার্থী অভিযোগ করেন, অষ্টম সেমিস্টারে শিল্পপ্রতিষ্ঠানে পাঠানোর কথা থাকলেও বাস্তবে তা হয় না এবং ভালো প্রতিষ্ঠানে যাওয়ার সুযোগ পাওয়া যায় না।

এ বিষয়ে প্রিন্সিপালের কাছে জানতে চাইলে তিনি জানান, অনেক শিল্পপ্রতিষ্ঠান শিক্ষার্থীদের নিতে আগ্রহ দেখায় না। এর জবাবে শিক্ষামন্ত্রী বলেন, সরকারের সঙ্গে শিল্প প্রতিষ্ঠানের চুক্তি রয়েছে। শিক্ষার্থীদের অবশ্যই নিতে হবে এবং মেশিন ব্যবহার করতে দিতে হবে। কেন এমন হচ্ছে না তা খতিয়ে দেখার আশ্বাস দেন তিনি। কারিগরি শিক্ষার উন্নয়নে সরকার কাজ করছে উল্লেখ করে মন্ত্রী বলেন, কোথায় কী সমস্যা রয়েছে তা চিহ্নিত করে প্রকল্প গ্রহণ করা হবে এবং এ জন্যই শিক্ষার্থীদের মতামত নেওয়া হচ্ছে।

অনুষ্ঠানে এক শিক্ষক জানান, পলিটেকনিকে ৪৪ শতাংশ শিক্ষার্থী ঝরে পড়ছে। এই প্রবণতা রোধে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি। এছাড়া সাত বছর ধরে চাকরি করেও বেতন না পাওয়ার অভিযোগ করেন ১৯ জন শিক্ষক। এ বিষয়ে মন্ত্রী পুনরায় পরীক্ষা নিয়ে আত্তীকরণের আশ্বাস দেন। অনুষ্ঠানে কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবুল খায়ের মো. আক্কাস আলী এবং রাজশাহী বিভাগীয় কমিশনার বজলুর রশীদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এস এম/ ১১ এপ্রিল ২০২৬


Back to top button
🌐 Read in Your Language