বাজার থেকে সিন্ডিকেট প্রথা চিরতরে মুছে ফেলা হবে: বাণিজ্যমন্ত্রী

সিলেট, ১১ এপ্রিল – দেশের বাজার আর কোনো সিন্ডিকেটের মাধ্যমে নিয়ন্ত্রিত হবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি জানান, বাজার নিয়ন্ত্রণের ক্ষেত্রে সিন্ডিকেট শব্দটি বাংলাদেশ থেকে চিরতরে মুছে ফেলা হবে। শনিবার সকালে সিলেট নগরের টিলাগড়ে জেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে আয়োজিত দেশের প্রথম সরাসরি ‘কৃষকের হাট’ উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
জেলা প্রশাসন সূত্র জানায়, সিন্ডিকেট প্রথা ভাঙার লক্ষ্যেই এই হাটের উদ্যোগ নেওয়া হয়েছে, যেখানে কৃষকরা তাদের উৎপাদিত পণ্য সরাসরি ক্রেতাদের কাছে বিক্রি করার সুযোগ পাবেন। উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী আরও জানান, আমদানি নির্ভর পণ্যের দাম স্থিতিশীল রাখার জন্য দেশের পুরো সাপ্লাই চেইনকে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই মডেলের আওতায় আনা হবে। এর ফলে বাজার নজরদারি সহজতর হবে এবং পণ্যমূল্য স্থিতিশীল থাকবে।
ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ বা টিসিবির কার্যক্রম প্রসঙ্গে তিনি বলেন, সরকার প্রতি বছর টিসিবির জন্য ৩২শ থেকে ৩৩শ কোটি টাকা ভর্তুকি দেয়। আগামীতে এই ভর্তুকির পরিমাণ কমিয়ে আনা হলেও টিসিবির কার্যক্রমের পরিধি দেশব্যাপী আরও সম্প্রসারিত করা হবে। এছাড়া দেশের সব জেলার কৃষকরা যেন সপ্তাহে অন্তত একদিন নিজেদের উৎপাদিত পণ্য সরাসরি ভোক্তাদের কাছে বিক্রি করতে পারেন সে বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সব জেলা প্রশাসককে নির্দেশ দিয়েছেন বাণিজ্যমন্ত্রী।
এস এম/ ১১ এপ্রিল ২০২৬









