মধ্যপ্রাচ্য

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় পাকিস্তান পৌঁছেছেন ইরানের স্পিকার, তবে নেই কোনো আস্থা

তেহরান, ১১ এপ্রিল – যুক্তরাষ্ট্রের সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনায় অংশ নিতে পাকিস্তানে পৌঁছেছে ইরানের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল। প্রতিনিধিদলের প্রধান ও ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ জানিয়েছেন, এই আলোচনায় তাদের সদিচ্ছা থাকলেও মার্কিন প্রতিপক্ষের ওপর বিন্দুমাত্র আস্থা নেই। শুক্রবার রাতে প্রতিনিধিদলটি পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে অবতরণ করে।

স্পিকার গালিবাফের নেতৃত্বে এই দলে রয়েছেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি, সুপ্রিম ন্যাশনাল কাউন্সিলের সেক্রেটারি মোহাম্মদ বাকের জোলকাদর, ডিফেন্স কাউন্সিলের সেক্রেটারি আলী আকবর আহমাদিয়ান, কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আবদোল নাসের হেম্মাতিসহ কয়েকজন আইনপ্রণেতা। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমকে দেওয়া বক্তব্যে গালিবাফ বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় তাদের সদিচ্ছা রয়েছে ঠিকই, কিন্তু তাদের প্রতি কোনো বিশ্বাস নেই।

তিনি আরও জানান, যুক্তরাষ্ট্র যদি একটি প্রকৃত চুক্তির জন্য আন্তরিকভাবে প্রস্তুত থাকে, তবে ইরানও প্রস্তুত হতে পারে। তবে অতীতের কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, আমেরিকানদের সঙ্গে আলোচনার অতীত অভিজ্ঞতা সবসময়ই ব্যর্থতা এবং প্রতিশ্রুতি ভঙ্গের মধ্য দিয়ে শেষ হয়েছে। এদিকে, এই আলোচনায় অংশ নিতে ইতোমধ্যে পাকিস্তানের উদ্দেশে রওনা হয়েছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। তার নেতৃত্বে মার্কিন প্রতিনিধিদলে থাকছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং ট্রাম্পের জামাতা জারেড কুশনার।

এস এম/ ১১ এপ্রিল ২০২৬


Back to top button
🌐 Read in Your Language