মধ্যপ্রাচ্য

শান্তি আলোচনার পথে গালিবাফের বিমানে নিহত শিশুদের ছবি, কূটনৈতিক বার্তা

তেহরান, ১১ এপ্রিল – আন্তর্জাতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে ইরানের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফের একটি প্রতীকী পদক্ষেপ। ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যকার শান্তি আলোচনায় যোগ দিতে ইসলামাবাদ যাওয়ার পথে বিমানের ভেতরে তোলা তার একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে।

প্রকাশিত ওই ছবিতে দেখা যায়, বিমানের ফাঁকা আসনগুলোতে রাখা হয়েছে মিনাবের একটি স্কুলে হামলায় নিহত শিশুদের ছবি ও তাদের ব্যবহৃত নানা সামগ্রী।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধের প্রথম দিনেই ইসরায়েল সমর্থিত জোটের ওই হামলায় বহু শিশুসহ অসংখ্য মানুষ প্রাণ হারান। হামলায় অন্তত ১৬৫ জন নিহত এবং শতাধিক মানুষ আহত হয়েছিলেন।

গালিবাফ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ছবিটি শেয়ার করে লিখেছেন, এই ফ্লাইটে আমার সঙ্গীরা, মিনাব ১৬৮।

এই বার্তার মাধ্যমে তিনি মূলত নিহত শিশু ও শিক্ষাকর্মীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন এবং ঘটনাটিকে বিশ্বমঞ্চে তুলে ধরেছেন। বর্তমানে এই মর্মান্তিক ঘটনাটি ইরানের কূটনৈতিক অবস্থানের একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে।

যুদ্ধবিরতির টানাপোড়েন, আঞ্চলিক সামরিক উত্তেজনা এবং অনিশ্চিত পরিস্থিতির মধ্যেই শুরু হতে যাচ্ছে বহুল প্রত্যাশিত এই শান্তি আলোচনা।

বিশ্লেষকদের ধারণা, গালিবাফের এমন প্রতীকী উদ্যোগ শান্তি আলোচনার আগেই একটি শক্ত বার্তা প্রদান করেছে, যা আগামী দিনের আলোচনার গতিপথে বড় ধরনের প্রভাব ফেলতে পারে।

এনএন/ ১১ এপ্রিল ২০২৬


Back to top button
🌐 Read in Your Language