জাতীয়

দেশের দুই বিভাগে বৃষ্টির আভাস, দেশজুড়ে বাড়তে পারে তাপমাত্রা

ঢাকা, ১০ এপ্রিল – বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী দেশের দুই বিভাগের দুএক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একইসঙ্গে দেশের অন্যান্য অঞ্চলে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাস তুলে ধরে আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক জানান রংপুর ও সিলেট বিভাগের দুএক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

সারাদেশে দিনের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।

শনিবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী পূর্বাভাসে বলা হয়েছে রংপুর ও সিলেট বিভাগের কিছু জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিন সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য এবং রাতের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে।

আবহাওয়া অধিদপ্তর জানায় গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে রংপুরের ডিমলায় ৩১ মিলিমিটার। একই সময়ে সর্বোচ্চ তাপমাত্রা ছিল খুলনার যশোরে ৩৪ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সিলেটে ১৭ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়েছে লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে এবং মৌসুমের স্বাভাবিক লঘুচাপটি বর্তমানে দক্ষিণ বঙ্গোপসাগরে বিরাজমান।

এনএন/ ১০ এপ্রিল ২০২৬


Back to top button
🌐 Read in Your Language