‘এটা শাহবাগ নয়, সংসদ’, হাসনাত আবদুল্লাহকে স্পিকারের হুঁশিয়ারি

ঢাকা, ১০ এপ্রিল – কুমিল্লা ৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহকে সংসদ অধিবেশনে আরও ধৈর্যশীল হওয়ার আহ্বান জানিয়েছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। তিনি তাকে উদ্দেশ্য করে বলেছেন, এটি শাহবাগ মোড় নয়, এটি জাতীয় সংসদ।
শুক্রবার সন্ধ্যায় সংসদ অধিবেশন চলাকালে স্পিকার এই মন্তব্য করেন।
সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহকে উদ্দেশ্য করে স্পিকার বলেন, এত বেশি অসহিষ্ণু হলে চলবে না। এটি শাহবাগ স্কয়ার নয়, এটি পার্লামেন্ট। এখানে অত্যন্ত ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে এবং অন্যের বক্তব্য শুনতে হবে। মৌখিকভাবে কথা বলার সুযোগ সংসদে খুবই সীমিত, তাই বিধিসম্মতভাবে নোটিশ প্রদান করতে হবে।
আইনমন্ত্রীর বক্তব্যের প্রসঙ্গ টেনে স্পিকার পরামর্শ দেন যে, আইনমন্ত্রীর কথাগুলো পূর্ণাঙ্গভাবে বিবেচনা করা যেতে পারে। প্রয়োজনে নিজেদের মধ্যে আলোচনার মাধ্যমে আগামী অধিবেশনে একটি সংশোধনী বিল উত্থাপন করা যেতে পারে, যা সরকারি দল অবশ্যই বিবেচনা করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
সংসদের সুষ্ঠু ও গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখার ওপর জোর দিয়ে স্পিকার আরও বলেন, একটি বিশাল জুলাই অভ্যুত্থানের পর এই সংসদ গঠিত হয়েছে। নির্বাচনের মাধ্যমেই জনপ্রতিনিধিরা এখানে এসেছেন। বর্তমান সংসদে এতো বড় এবং শক্তিশালী বিরোধী দলের উপস্থিতি একটি বিরল ঘটনা। তাই সবাইকে সংসদীয় রীতিনীতি মেনে চলার প্রতি তিনি বিশেষ গুরুত্বারোপ করেন।
এনএন/ ১০ এপ্রিল ২০২৬









