শেরপুর ৩ আসনে অনিয়মের অভিযোগ তুলে জামায়াত প্রার্থীর ভোট বর্জন

শেরপুর, ৯ এপ্রিল – শেরপুর ৩ শ্রীবরদী ও ঝিনাইগাতী আসনে চলমান নির্বাচনে নানা অনিয়মের অভিযোগ তুলে ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন জামায়াতে ইসলামীর প্রার্থী মো. মাসুদুর রহমান।
বৃহস্পতিবার দুপুরে ভোটগ্রহণ চলাকালে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।
শেরপুর জেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা হাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান বিভিন্ন অনিয়ম এবং সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে তাদের প্রার্থী ভোট বর্জনের সিদ্ধান্ত নিয়েছেন। এই বিষয়ে বিস্তারিত জানাতে বিকেল তিনটায় একটি সংবাদ সম্মেলন করার কথা রয়েছে।
শ্রীবরদী এবং ঝিনাইগাতী উপজেলা নিয়ে গঠিত এই আসনে মোট ১৭টি ইউনিয়ন ও একটি পৌরসভা রয়েছে। এখানে ৪ লাখ ১৩ হাজার ৩৭৭ জন ভোটারের জন্য ১২৮টি ভোটকেন্দ্র স্থাপন করা হয়েছে। এর মধ্যে ২৮টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। তবে নির্বাচনের প্রথম কয়েক ঘণ্টায় বড় ধরনের কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার খবর পাওয়া যায়নি।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যাপক উপস্থিতিতে ভোটাররা লাইনে দাঁড়িয়ে শান্তিপূর্ণভাবে ভোটাধিকার প্রয়োগ করছিলেন।
উল্লেখ্য এই আসনে বিএনপির ধানের শীষের প্রার্থী হয়েছেন দলটির নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল।
এনএন/ ৯ এপ্রিল ২০২৬









