মধ্যপ্রাচ্য

লেবাননে ইসরায়েলি হামলা যুদ্ধবিরতির লঙ্ঘন: ইরানের হুঁশিয়ারি

তেহরান, ৯ এপ্রিল – যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তির পরও লেবাননে ইসরায়েলের ব্যাপক হামলাকে চরম লঙ্ঘন হিসেবে আখ্যায়িত করেছে ইরান।

এই হামলায় দুই শতাধিক মানুষের মৃত্যু এবং সহস্রাধিক আহত হওয়ার ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।তিনি স্পষ্ট জানিয়েছেন, ইরান কখনোই লেবানিজদের একা ফেলে যাবে না।

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় ইরানের প্রেসিডেন্ট বলেন, লেবাননে ইসরায়েলের নতুন হামলা যুদ্ধবিরতির চরম লঙ্ঘন এবং সম্ভাব্য চুক্তির প্রতি দায়বদ্ধতাহীনতার একটি বিপজ্জনক লক্ষণ। এমন কর্মকাণ্ড অব্যাহত থাকলে সামনের যেকোনো আলোচনা অর্থহীন হয়ে পড়বে বলে তিনি সতর্ক করেন। একই সঙ্গে তিনি উল্লেখ করেন, তাদের আঙুল এখনো ট্রিগারেই রয়েছে।

অন্যদিকে ইরানের স্পিকার মোহাম্মদ বাঘের ঘালিবাফ জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে দুই সপ্তাহের যুদ্ধবিরতি চুক্তিতে লেবানন অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। ইসরায়েল যদি এই চুক্তি লঙ্ঘন করে তবে তাদের কঠোর পরিণতি ভোগ করতে হবে।

তিনি আরও বলেন, মিত্র হিসেবে লেবানন এবং পুরো প্রতিরক্ষা জোট এই যুদ্ধবিরতির অবিচ্ছেদ্য অংশ। পাকিস্তানের প্রধানমন্ত্রীও বিষয়টি প্রকাশ্যে স্পষ্ট করেছেন বলে তিনি উল্লেখ করেন। ঘালিবাফ হুঁশিয়ারি দিয়ে বলেন, যুদ্ধবিরতি লঙ্ঘনের জন্য চরম মূল্য দিতে হবে।

এনএন/ ৯ এপ্রিল ২০২৬


Back to top button
🌐 Read in Your Language